পিএসএল খেলতে মুখিয়ে বিদেশিরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রস্তাবিত ঘরোয়া টি-টোয়েন্টি লিগ পিএসএলে খেলার জন্য নাকি প্রায় সব টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড়েরা উন্মুখ হয়ে আছেন। পাকিস্তানি দৈনিক ‘ডন’-এ প্রকাশিত এক সংবাদে এমন কথাই বলা হয়েছে। আইপিএল, বিপিএল ও বিগব্যাশের আদলে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে মার্চে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ব্যবস্থাপনা পরিচালক সালমান সারোয়ার বাট জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতির কারণে পাকিস্তানে এই মুহূর্তে বিশ্বের কোনো টেস্ট খেলুড়ে দেশ খেলতে রাজি না থাকলেও প্রায় সব টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড়েরা নাকি পিএসএলে খেলার ব্যাপারে নিজেদের আগ্রহের কথা জানিয়ে পিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন।সালমান বলেন, ‘আমরা সত্যিই অভিভূত। প্রায় সব টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড়েরাই পিএসএলে খেলার আগ্রহ প্রকাশ করেছে। এই সংখ্যা ৩০ জনের মতো।’২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলা সংঘটিত হয়। সেই হামলায় পুলিশ, বেসামরিক লোকসহ মোট আটজন নিহত হন। আহত হন কুমার সাঙ্গাকারা, থিলান সামারাবিরার মতো তারকা ক্রিকেটাররা। এর পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায়। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে নিজেদের খেলাগুলো আয়োজনে বেছে নিতে হয় দুবাই, আবুধাবী ও লন্ডনের মতো নিরপেক্ষ ভেন্যুগুলো। সম্প্রতি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর তোড়জোড় শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের সম্ভাবনাও তৈরি হয়। কিন্তু দুই দফায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান সফর বাতিল করে নিরাপত্তার কারণ দেখিয়ে।বাংলাদেশ দুই দফায় পাকিস্তান সফর বাতিল করায় পিসিবি চলমান বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করে। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএলকে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর একটি অনুষঙ্গ হিসেবে নিয়েছে। পিসিবি মনে করছে, পিএসএলে বিভিন্ন টেস্ট দলের খেলোয়াড়দের খেলাতে পারলে পরবর্তী সময়ে তাদের পক্ষে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো সহজ হবে। কিন্তু নিরাপত্তাজনিত কারণে যেখানে কোনো জাতীয় দলই পাকিস্তান সফরে যেতে রাজি নয়, সেখানে ব্যক্তিগতভাবে শীর্ষ টেস্ট ক্রিকেটাররা পাকিস্তানে মাসাধিককাল থেকে পিএসএল খেলবে—এমন চিন্তা একটু বাড়াবাড়িই হয়ে যায়। শীর্ষ টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া শেষবারের মতো পাকিস্তান সফর করে ১৯৯৮ সালে। ইংল্যান্ড ২০০০ সালে। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজ দলও পাকিস্তান সফর করেনি দীর্ঘদিন। ভারত ও বাংলাদেশ সর্বশেষ পাকিস্তান সফরে যায় ২০০৮ সালে। ২০০৯ সালে শ্রীলঙ্কার সফরটি তো অসমাপ্ত থাকে রক্ষক্ষয়ী দুর্ঘটনায়। পিএসএলে বিদেশি খেলোয়াড়দের খেলতে হলে নিজ নিজ দেশের ছাড়পত্রের প্রয়োজন হবে। রাজনৈতিক সম্পর্কের কারণে ভারতীয় খেলোয়াড়েরা পিএসএলে খেলবেন না—এটা মোটামুটি নিশ্চিত। বিপিএল নিয়ে পিসিবির আচরণের পর বাংলাদেশি খেলোয়াড়দের পিএসএলে খেলার অনুমতি পাওয়া নিয়ে অনিশ্চয়তাই থাকবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো তাদের ক্রিকেটারদের কিসের ভিত্তিতে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলতে পাঠাবে, এটাই এখন দেখার বিষয়।