পিএসএলের শুরুতেই ম্যাচসেরা সাকিব

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের প্রথম ম্যাচে মুশফিকুর রহিমকে কাল জায়গা না দিলেও সাকিবকে না নেওয়ার ভুল দলটি করেনি। ম্যাচের পঞ্চম ওভারে বল পেলেন সাকিব আল হাসান, প্রথম বলটিই বাউন্ডারিতে পাঠালেন লাহোর কালান্দার্সের ক্যামেরন ডেলপোর্ট। তবে সাকিব ঘুরে দাঁড়াতে সময় নেননি একদমই। ওই ওভারের শেষ বলেই পেয়েছেন টুর্নামেন্টে নিজের প্রথম উইকেট। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলীকে আর্মারে বোকা বানিয়ে বোল্ড করেন সাকিব। ৪ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট, মোটামুটি সফলই বলা যায় সাকিবকে।
কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার ‘মোটামুটি’তে তৃপ্ত থাকবেন কেন! বাকি ছিল ব্যাটিং, আর সেখানেই নিজের সেরাটা দেখালেন সাকিব। মাত্র ৪ রানে ২ উইকেট হারিয়ে কাঁপছিল করাচি। এই অবস্থায় ব্যাটিংয়ে নেমে নিজের দ্বিতীয় বলে ক্যাচ তুলে দিয়েও অবশ্য সাকিব বেঁচে যান ডোয়াইন ব্রাভোর সৌজন্যে। এরপরই পাল্টা আক্রমণ শুরু করেন সাকিব। জাফর গওহরকে টানা দুই ছক্কা মেরে শুরু, এরপর পুরো ইনিংসেই আগ্রাসী মূর্তিতে ছিলেন সাকিব। অন্য প্রান্তে থাকা লেন্ডন সিমন্সও সাকিবকে অনুসরণ করে বোলারদের কচুকাটা করতে থাকেন। এই দুজন মিলে ৭১ বলে তোলেন ১০৯ রান। মাত্র ৩২ বলে ৫০ করেন সাকিব। কিন্তু একটু পরেই নিজের চতুর্থ ছক্কা মারতে গিয়ে ৫১ রানে আউট হয়ে যান তিনি। ৩৫ বলের এই ইনিংসে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা। সিমন্স অবশ্য দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন, ৬২ রানে অপরাজিত থাকেন এই উইন্ডিজ ওপেনার।
করাচির হয়ে এর আগে পিএসএলে প্রথম হ্যাটট্রিক করেন মোহাম্মদ আমির। কিন্তু সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের কাছে ম্লান হয়ে গেছেন বাকি সবাই। ম্যাচসেরা? অনুমিতভাবেই সাকিব আল হাসান।
কাল ৫১ রান করেছেন তামিম ইকবালও। তবে পেশোয়ার জালমির হয়ে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এ রান করেছেন ৫১ বেল। তথ্যসূত্র: গাজী টিভি।