শিরোপা জয়ের পথে আরেক পা এগোল জুভেন্টাস ও প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। গত পরশু জয় পেয়েছে দুই দলই। ইতালির সিরি ‘আ’তে মিরকো ভুচিনিচের জোড়া গোলে জুভেন্টাস ২-১ গোলে হারিয়েছে পেসকারাকে। ফ্রেঞ্চ লিগে মেনেজ ও ইব্রাহিমোভিচের গোলে পিএসজি ২-০ গোলে হারিয়েছে রেনেকে। এতে লিগ শিরোপার দাবি জোরালো করার পাশাপাশি সেরে রাখল চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতিও। আগামী বুধবারই চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ। যেখানে জুভেন্টাসের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ, পিএসজি খেলবে বার্সেলোনায়।নিষেধাজ্ঞায় খেলতে পারেননি দুই ডিফেন্ডার বারজাল্লি ও কিয়েলিনি। অসুস্থ গোলরক্ষক বুফনও নামেননি মাঠে। মিডফিল্ডার পিরলোকেও বসিয়ে রাখেন জুভেন্টাসের কোচ আন্তোনিও কন্তে। এই সুযোগে পয়েন্ট তালিকার সবার নিচের দল পেসকারাও চোখ রাঙাচ্ছিল! ৭২ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল জুভদের। কিন্তু শেষ রক্ষা হয়নি। আরতুরো ভিদালকে অবৈধ ট্যাকল করে লাল কার্ড পান পেসকারার জিউসেপ্পে রিজ্জো। প্রাপ্ত পেনাল্টি থেকে গোল করার ছয় মিনিট পর ভুচিনিচ জুভদের এগিয়ে দেন ২-০-তে। ইমানুয়েল ক্যাসকিওন পেসকারাকে ম্যাচে ফেরালেও কাজ হয়নি। এতে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে জুভেন্টাস এগিয়ে গেল ১২ পয়েন্টে। অবশ্য কাল জেনোয়ার বিপক্ষে নাপোলি জিতে থাকলে ব্যবধানটা আবার নেমে এসেছে ৯-এ। এসি মিলান কাল ২-২ গোলে ড্র করেছে ফিওরেন্তিনার সঙ্গে। এএফপি।রেনের মাঠে পিএসজিকে ৫৬ মিনিটে এগিয়ে দেন মেনেজ। ইব্রাহিমোভিচের গোলটি যোগ করা সময়ে। সাত ম্যাচ বাকি থাকতে অলিম্পিক মার্শেইয়ের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গিয়ে নির্ভার এখন পিএসজি। তাদের একটা অস্বস্তিও আছে। বুধবার বার্সেলোনার বিপক্ষে ম্যাচে ডিফেন্ডার থিয়াগো সিলভার খেলা অনিশ্চিত। বার্সেলোনার সঙ্গে আগের ম্যাচেই হাঁটুতে চোট পাওয়া সিলভা খেলতে পারেননি পরশুও।