পিএসজিকে নিয়ে বার্সা

জয় ব্যাপারটাই এমন। নিমেষে বাড়িয়ে দেয় আত্মবিশ্বাস, বেড়ে যায় গলার জোরও। তীব্র সমালোচকেরাও তখন হয়ে যান স্তবকীর্তক। ন্যু ক্যাম্পে পরশু ম্যানচেস্টার সিটির বিপক্ষে বার্সেলোনার জয়টাও তেমন। লিগে দুটি ম্যাচ হারের পর সমালোচকদের তির ছুটে আসছিল অবিরাম। মেসি-নেইমাররা সেটা সহ্য করে গেছেন। মুখ খুললেন শেষ ষোলোর দ্বিতীয় লেগে সিটিকে ২-১ গোলে হারিয়ে আর দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়ার পর। ক্যানাল প্লাসকে জানানো মেসির প্রতিক্রিয়াটা অবশ্য ঠিক সমালোচকদের উদ্দেশে নয়। তবে সমালোচকদের মুখ বন্ধ করার জন্য তা যথেষ্ট, ‘মানুষ যে বার্সেলোনাকে দেখতে চায়, লিগে দুটি হোঁচটের পর আজ আবার সবাই সেই বার্সেলোনাকে দেখেছে। আমরা আমাদের সেরা ফর্মে ফিরে এসেছি।’
বার্সেলোনা সেরা ফর্মে ফিরেছে কি না, এটি বোঝা যাবে আরও কয়েকটি ম্যাচের পর। তবে কয়েক মাসের মধ্যে এটি যে মেসির সেরা পারফরম্যান্স, তা নিয়ে কোনো সন্দেহ নেই। পরশুর গোলটিসহ চ্যাম্পিয়নস লিগে মেসির মোট গোলসংখ্যা ৬৭। একটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা এখন তাঁর। রিয়াল মাদ্রিদের হয়ে ৬৬ গোল নিয়ে এত দিন রেকর্ডটির অংশীদার ছিলেন রাউল। ম্যাচ শেষে শিষ্যের প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ জেরার্ডো মার্টিনোও, ‘কখনো কখনো সমালোচনা খেলোয়াড়দের সেরাটা বের করে আনার কাজ করে।’ চাপে ছিলেন মার্টিনো নিজেও। তবে এই জয়ের পর এখন দারুণ আত্মবিশ্বাসী তিনিও, ‘এভাবে খেললে আমরা যেকোনো প্রতিপক্ষকে হারাতে পারব।’
যে ম্যাচ মার্টিনোর আত্মবিশ্বাস এতটা বাড়িয়ে দিয়েছে, সে ম্যাচে ডাগ-আউটেই ছিলেন না তাঁর প্রতিপক্ষ ম্যানুয়েল পেলেগ্রিনি। ইতিহাদে প্রথম লেগে হারের পর রেফারির বিরুদ্ধে বিষোদ্গারের শাস্তিস্বরূপ পরশু তাঁকে খেলা দেখতে হয়েছে গ্যালারিতে বসে। খেলতে নেমে কোচের মতো রেফারির সঙ্গে বিবাদে জড়ালেন তাঁর ছাত্র পাবলো জাবালেতাও। এডিন জেকোকে ট্যাকল করার কারণে পিকের বিরুদ্ধে ফাউলের আবেদন করেছিলেন। সেটা রেফারি কানে না তোলায় খেপে যান জাবালেতা। শাস্তি, দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠের বাইরে। ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগের ম্যাচটা তখন ৭৭ মিনিটে গড়িয়েছে। এর মিনিট দশেক আগে মেসির গোলে দুই লেগ মিলিয়ে বার্সেলোনা এগিয়ে গেছে ৩-০ ব্যবধানে। সিটির প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন প্রায় শেষ হয়ে গিয়েছিল মেসির এই গোলেই। ৮৯ মিনিটে সিটি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির গোল ব্যবধান কমিয়েছিল, কিন্তু পরের মিনিটেই দানি আলভেস গোল করে নিশ্চিত করেছেন বার্সেলোনার জয়টাও।
এবারের মতো চ্যাম্পিয়নস লিগের পথচলা শেষ হয়ে গেছে ম্যান সিটির। তবে হারটা বার্সেলোনার মতো দলের বিপক্ষে বলেই কি না খুব একটা হতাশ নন কোম্পানি, ‘সবাই জয়ী দলটাকেই মনে রাখে। তবে ভুলে গেলে চলবে না এটা চ্যাম্পিয়নস লিগে আমাদের কেবল তৃতীয় মৌসুম। আমাদের সময়ও আসবে।’ হারের পাশাপাশি আরও একটা দুঃসংবাদ এদিন শুনতে হয়েছে সিটি সমর্থকদের। চোটের কারণে দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেননি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। কাল প্রিমিয়ার লিগে হাল সিটির বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন কি না, এ নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
কোয়ার্টার ফাইনালে খেলার মূল কাজটা প্রথম লেগেই সেরে রেখেছিল পিএসজি। প্যারিসে পরশু দ্বিতীয় লেগে বার্সার মতোই বেয়ার লেভারকুসেনকে ২-১-এ হারিয়ে শুধু আনুষ্ঠানিকতাই সারল ফরাসি চ্যাম্পিয়নরা। প্রথম লেগের ৪-০ গোলে এগিয়ে থাকায় নিজেদের মাঠে দলের নিয়মিত অনেক খেলোয়াড়কে বিশ্রামে রাখেন পিএসজি কোচ লরাঁ ব্লাঁ। আলো ছড়াতে পারেননি দলের সবচেয়ে বড় তারকা ইব্রাহিমোভিচও। লেভারকুসেনকে হারাতে তার পরও খুব একটা বেগ পেতে হয়নি পিএসজিকে। এএফপি।
এক নজরে
বার্সেলোনা ২-১ ম্যান সিটি
দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে জিতে শেষ আটে বার্সেলোনা
পিএসজি ২-১ লেভারকুসেন
দুই লেগ মিলিয়ে ৬-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পিএসজি