পিএসজিকে হারিয়ে বছর শুরু রিয়াল মাদ্রিদের

প্রীতি ম্যাচে ফ্রান্সের শীর্ষ দল পিএসজিকে হারিয়ে নতুন বছর শুরু করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কাতারের দোহায় ইব্রাহিমোভিচের পিএসজির বিপক্ষে রোনালদোর মাদ্রিদ পেয়েছে ১-০ গোলের জয়। খেলার একমাত্র গোলটা অবশ্য করেছেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড জেসে।
গত মৌসুমের ফরাসি লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেইনের মালিকানা কাতারভিত্তিক হওয়া সত্ত্বেও দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের বেশির ভাগ দর্শকই ছিলেন রিয়াল মাদ্রিদের সমর্থক। প্রথমার্ধের ১৯ মিনিটেই সেটা ভালোভাবে টের পাওয়া গিয়েছিল। অ্যালভারো মোরাতার দারুণ এক পাস থেকে বল পেয়ে যখন জেসে বল জড়িয়েছিলেন পিএসজির জালে, তখন উল্লাসে ফেটে পড়েছিলেন রিয়ালের সমর্থকেরা।
এর আগে অবশ্য প্রথম গোলের সুযোগটা পিএসজিই পেয়েছিল। কিন্তু শুরুতেই যে পিছিয়ে পড়তে হয়নি, সে জন্য রিয়াল-সমর্থকেরা ধন্যবাদ দিতে পারেন ডিয়েগো লোপেজকে। এডিনসন কাভানির চমত্কার একটি গোল প্রচেষ্টা প্রায় একাই রুখে দিয়েছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধেও গোল শোধ করার সুযোগ পেয়েছিল পিএসজি। গোলপোস্টের খুব কাছ থেকে হেড করে রিয়ালের জালে বল প্রায় জড়িয়েই দিয়েছিলেন ইব্রাহিমোভিচ। কিন্তু অফসাইডের ফাঁড়ায় পড়ে সেটা আর গোলে পরিণত হয়নি।