পিএসজিতে থিয়াগো সিলভা
উনিশ বছর ফরাসি লিগ জেতা হয়নি। শিরোপা খরাটা বড্ড দীর্ঘই হয়ে যাচ্ছে প্যারিস সেন্ট জার্মেইয়ের জন্য (পিএসজি)। আসন্ন মৌসুমে লিগ শিরোপাটা ঘরে তুলতে তাই মরিয়া দলটি। আর সে কারণেই দলবদলের বাজারে তারা এই মুহূর্তে বেশ সক্রিয়। গতকালই এসি মিলান থেকে পিএসজিতে যোগ দিয়েছেন ব্রাজিলীয় তারকা থিয়াগো সিলভা। থিয়াগোর সঙ্গে ফরাসি ক্লাবটির চুক্তি পাঁচ বছরের।২৭ বছর বয়সী থিয়াগো কত টাকায় এসি মিলান থেকে পিএসজিতে এলেন, তা অবশ্য আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে থিয়াগোর কোনো মন্তব্যও পাওয়া যায়নি। তিনি এই মুহূর্তে ব্রাজিল অলিম্পিক ফুটবল দলের অনুশীলন ক্যাম্পে ব্যস্ত রয়েছেন। তবে একটি ফুটবল ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, থিয়াগোর পারিশ্রমিক সাড়ে সাত মিলিয়ন ইউরোর কম নয়। এর মধ্যে নাকি বোনাস আছে দেড় মিলিয়ন ইউরো।থিয়াগো সিলভার পাশাপাশি এসি মিলানের সুইডিশ তারকা জাতান ইব্রাহিমোভিচের দিকেও নজর পিএসজির। খুব শিগগিরই ইব্রাহিমোভিচ পিএসজিতে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। থিয়াগো সিলভা ও ইব্রাহিমোভিচের জন্য পিএসজির বাজেট প্রায় ৬৫ মিলিয়ন ইউরো।গত জুনেই এসি মিলানের সঙ্গে নতুন করে পাঁচ বছর মেয়াদি চুক্তিতে সই করেছিলেন থিয়াগো সিলভা। তবে ক্লাবের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে পড়ার কারণেই পিএসজির কাছে তাঁকে বিক্রি করে দিল এসি মিলান। কয়েক দিন আগেই এসি মিলান সভাপতি ও ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি জানিয়েছিলেন থিয়াগো সিলভা ও জ্লাতান ইব্রাহিমোভিচের জন্য পিএসজির সঙ্গে মোটামুটি ভালো অঙ্কের চুক্তি করছে তাঁর ক্লাব।