পিএসজিতে শেষ করতে চান রোনালদিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো
রোনালদো

ক্লাব ফুটবলের শুরুটা গ্র্যামিওতে। এরপর পিএসজি, বার্সেলোনা, এসি মিলান, ফ্ল্যামেঙ্গো ঘুরে রোনালদিনহো ফিরে গেছেন নিজ দেশ ব্রাজিলে। এখন খেলছেন অ্যাটলেটিকো মিনেইরোর হয়ে। তবে এখানেই ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা নেই একসময় বিশ্ব ফুটবলে ঝড় তোলা এই ব্রাজিলীয় প্লেমেকারের। তাঁর স্বপ্ন, ফরাসি ক্লাব পিএসজির হয়ে খেলে বুটজোড়া তুলে রাখা।
গতকাল সাংবাদিকদের কাছে নিজের স্বপ্নটা প্রকাশ করেছেন ৩৩ বছর বয়সী রোনালদিনহো, ‘নিজের ভবিষ্যৎ নিয়ে আমি ভাবছি। পিএসজির মতো বড় ক্লাবে খেলে অবসর নিতে পারলে তা হবে যেকোনো খেলোয়াড়ের জন্য আনন্দের। এ মুহূর্তে পিএসজি খুবই শক্তিশালী, অসাধারণ একটা দল।’
২০০১ থেকে ২০০৩ এই দুই মৌসুম পিএসজির হয়ে খেলেন রোনালদিনহো। সেখানে ৫৫ ম্যাচ খেলে তাঁর গোলসংখ্যা ১৫। রোনালদোর আসল বিকাশটা হয় বার্সেলোনার হয়ে খেলার সময়। বার্সার হয়েই ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর সময় কাটিয়েছেন তিনি। খেলেছেন ১০ নম্বর জার্সি গায়ে। পাঁচ বছরে জিতেছেন দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ২০০৩-০৮ পর্যন্ত বার্সার হয়ে ১৪৫ ম্যাচ খেলে করেছেন ৭০ গোল। ন্যু ক্যাম্পের হয়ে এত এত সফলতার পরও রোনালদিনহো কেন পিএসজিতে খেলে অবসর নেওয়ার স্বপ্ন দেখেন, সেই প্রশ্নটা থেকেই যায়। সূত্র: গোল ডটকম।