পিএসজির বার্সা-প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর চেয়ে ভালো প্রস্তুতি আর হতে পারত না। এই মঙ্গলবার নিজেদের মাঠে বার্সেলোনার সঙ্গে খেলা। তার আগে আজ ফরাসি লিগে মঁপেলিয়ের সঙ্গে খেলবে পিএসজি। কঠোর প্রশিক্ষণে যুদ্ধটাকে সহজ বলে মনে হয়। আজ পিএসজি এমনই এক কঠোর ‘প্রশিক্ষণের’ মুখোমুখি। মঁপেলিয়ে যে ফরাসি লিগের বর্তমান চ্যাম্পিয়ন।গতবারের তুলনায় এই মঁপেলিয়ে অবশ্য আলাদা। ২৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাতে। সমান ম্যাচে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৫৮। সর্বশেষ ১৯৯৩-৯৪ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল। পিএসজির তাই প্রায় দুই দশকের ক্ষুধা। নতুন কাতারি মালিক ফরাসি ক্লাবটির খোলনলচে পাল্টে ফেলেছেন। অতীত রেকর্ড বিবেচনায় বার্সা নিঃসন্দেহে ফেবারিট। কিন্তু পিএসজি-পরীক্ষা মোটেও সহজ হবে না টিটো ভিলানোভার দলের জন্য।প্যারিসের ক্লাবটি ১৮ বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে। ফলে রোমাঞ্চের সবটুকু যেন মঙ্গলবারের ম্যাচ ঘিরেই। দলের মিডফিল্ডার ক্লেমে শাঁতোম যেমন বলেছেন, আজকের ম্যাচে মনোযোগ ধরে রাখাই কঠিন হয়ে দাঁড়িয়েছে, ‘প্রত্যেকে ওই ম্যাচ নিয়েই কথা বলছে। এমনকি আমরা খেলোয়াড়েরাও আর কখনো কোনো ম্যাচের টিকিটের অনুরোধ জানিয়ে এত ফোন পাইনি। ক্লাবের বাইরের ভিড়টা দেখলেও আপনি বুঝতে পারবেন। সবাই যেন লিগের কথা ভুলেই গেছে।’বার্সার বিপক্ষে পিএসজির সবচেয়ে বড় অস্ত্র হবেন খোদ কোচ কার্লো আনচেলত্তি। খেলোয়াড়-কোচ দুই ভূমিকাতেই ইউরোপ-সেরার এই ট্রফি জেতার অভিজ্ঞতা আছে এই ইতালিয়ানের। মাঠের বাইরে যেমন আনচেলত্তি, মাঠে তেমন বার্সার জন্য বিপদের কারণ হতে পারেন জ্লাতান ইব্রাহিমোভিচ। নিষেধাজ্ঞার কারণে প্রথম লেগে খেলার কথা ছিল না ইব্রার। তবে পিএসজি আবেদন করার পর উয়েফা দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক ম্যাচে নামিয়ে আনে। শেষ ষোলোর ফিরতি লেগে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে এসেছেন বলে ইব্রা এখন মুক্ত। আরও দুটি সুখবর পেয়েছেন আনচেলত্তি। মাঝমাঠের ভরসা মার্কো ভেরাত্তি ও থিয়াগো মোত্তাও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন।তবে শাঁতোম মনে করিয়ে দিচ্ছেন, এই বড় ম্যাচের উত্তেজনায় আজকের ম্যাচটার কথা যেন ভুলে না যায় কেউ, ‘আমরা ভালো অবস্থায় আছি। ৫ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থানে। গোল ব্যবধানেও আছি সুবিধাজনক স্থানে। কোনো ভুল না করলে আমরাই লিগ জিতব।’ এর মধ্যে বার্সার জন্য দুঃসংবাদ আছে। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন জাভি। এএফপি, রয়টার্স।