পিকের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লা লিগায় প্রথম এল ক্লাসিকোয় অনিশ্চিত জেরার্ড পিকে। তাই বলে এখনই হাল ছাড়ছেন না টিটো ভিলানোভা। এই সেন্ট্রাল ডিফেন্ডারের ফিটনেসের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন বার্সেলোনার কোচ।গত মাসের মাঝামাঝিতে চ্যাম্পিয়নস লিগে খেলার সময় পায়ে চোট পান পিকে। ইনজুরির কারণে স্পেনের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে বেলারুশ ও ফ্রান্সের বিপক্ষে দুটি ম্যাচে অংশ নিতে পারেননি এই তারকা ফুটবলার। গতকাল শনিবার বার্সার হয়ে অনুশীলন শুরু করেন পিকে। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মহারণে তাঁকে খেলানোর ব্যাপারে সতর্ক টিটো ভিলানোভা।‘বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে পিকে। ও যদি কয়েক দিন আমাদের সঙ্গে অনুশীলন করত, তাহলে ওর ইনজুরির অবস্থাটা বুঝতে পারতাম। আমি ব্যথানাশক ইনজেকশন দেওয়ার পক্ষে নই। কারণ এটা আরও বড় সমস্যা তৈরি করতে পারে।’ গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন ভিলানোভা।বার্সা কোচ বলেন, ‘পিকে খেলতে চায়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পুরোপুরি সেরে ওঠার জন্য ও সর্বোচ্চ চেষ্টাই করছে। কিন্তু আমরা প্রকৃতির বিরুদ্ধে লড়াই করতে পারি না। পিকের ফিটনেসের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব আমরা।’এবারের লিগে রিয়াল-বার্সার প্রথম এল ক্লাসিকো মাঠে গড়াবে বাংলাদেশ সময় আজ রাত ১১টা ৪৫ মিনিটে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস। লিগে ছয় ম্যাচের সব কটিতেই জিতেছে বার্সা। পুরো ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে স্প্যানিশ জায়ান্টরা। অন্যদিকে সমান ছয় ম্যাচে রিয়ালের অর্জন মাত্র ১০ পয়েন্ট। এর মানে এখন পর্যন্ত আট পয়েন্টে এগিয়ে বার্সা। আজ রাতে জয় পেলে বার্সা এগিয়ে যাবে ১১ পয়েন্টে। সে ক্ষেত্রে শিরোপার লড়াই থেকে যথেষ্টই দূরে চলে যাবে রিয়াল। রয়টার্স।