পিকের তোপ
মুখোমুখি লড়াইয়ের আপাতত সমতা। তবে লা লিগায় লড়াইটা ঠিক জমছে না রিয়াল-বার্সার। সাত ম্যাচ শেষে চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে বার্সেলোনা। জেরার্ড পিকের ধারণা, মাঠের লড়াই জমছে না বলে এবার মাঠের বাইরে কথার লড়াইও নেই। কারণ, মাঠের বাইরের লড়াইয়ের যিনি অগ্রবর্তী, সেই হোসে মরিনহো ব্যস্ত নিজের ঘর সামলাতেই!‘অসুখী’ রোনালদো, রামোসের সঙ্গে কোচের দ্বন্দ্বের গুজব, মৌসুমের বাজে শুরু—সব মিলিয়ে সময়টা অস্থির কাটছে রিয়াল মাদ্রিদ ও হোসে মরিনহোর। কাতালুনিয়া রেডিওকে পিকে বলেছেন, এ কারণেই রিয়াল-বার্সা লড়াইয়ের আসল রূপটা এবার দেখা যাচ্ছে না, ‘এটা পরিষ্কার যে আমাদের সঙ্গে রিয়াল মাদ্রিদের গত বছরের মতো সমস্যা নেই। মরিনহো বুঝতে পেরেছেন, বার্সেলোনাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করে লাভ নেই, কারণ কিছুই পাওয়া যাবে না। সে এখন নিজের ঘরেই সমস্যা দেখতে পাচ্ছে। পয়েন্ট টেবিলের এত নিচে থাকলে কার আর ভালো লাগে!’প্রতিপক্ষ কোচকে ‘ঝোপ বুঝে কোপ মারার’ পর বার্সা ডিফেন্ডার প্রশংসায় ভাসিয়েছেন নিজ দলের কোচ টিটো ভিলানোভাকে, ‘টিটো ড্রেসিংরুমের মন জয় করে নিয়েছে। ও বিশেষ একজন, ওর সঙ্গে দারুণ কিছু বছর কাটানোর আশা করছি আমরা।’ ওয়েবসাইট।