পিকের ফাউল মনে রাখেননি নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কদিন পরেই সতীর্থ হয়ে মাঠে নামবেন নেইমার ও পিকে। বার্সেলোনার জার্সি গায়ে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়বেন একই লক্ষ্যে। কিন্তু কনফেডারেশনস কাপের ফাইনালে নিজের দেশের হয়ে খেলতে নেমে যেন সেটি ভুলে গিয়েছিলেন জেরার্ড পিকে। খেলার শেষপর্যায়ে নেইমারের গতি থামাতে গিয়ে বাজে এক ফাউল করে লাল কার্ড দেখেন তিনি। ঘটনাটি ইতিমধ্যে মুখরোচক আলোচনার জন্ম দিয়েছে ফুটবল দুনিয়ায়। পিকের এই ফাউল ও লাল কার্ড দর্শন বার্সেলোনায় এই দুই ফুটবলারের সম্পর্কে কোনো প্রভাব রাখবে কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।বিষয়টি নিয়ে বিতর্ক চলুক তা চান না নেইমার নিজেই। পিকের ফাউলটি খেলার অংশ হিসেবে মেনে নিয়ে লাল কার্ডের জন্য স্পেন ডিফেন্ডারের প্রতি সহানুভূতিই ঝরেছে তাঁর কণ্ঠে, ‘এটা ভুলে গেলে চলবে না, আমরা দুজনই নিজ নিজ দেশের হয়ে খেলছিলাম। ফাউলটি আমি মনে রাখিনি। ওই ঘটনায় পিকেকে লালকার্ড দেখতে হয়েছে, যা দুঃখজনক।’কনফেডারেশনস কাপে সোনার বল জিতেছেন, দখলে নিয়েছেন ব্রোঞ্জ বুটও; ব্রাজিলের এই তরুণ সেনসেশন শুক্রবার টনসিল অপারেশন করাবেন। আপাতত এটা নিয়েই ভাবছেন তিনি, ‘টনসিলটা সমস্যা করছে। আশা করছি, অস্ত্রোপচারের পর সব ঠিক হয়ে যাবে।’ রয়টার্স।