পিচ নিয়ে অসন্তুষ্ট ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড সফরের শুরুটা ভালোভাবে করতে পারল না ভারত। ১৯৬ রানের বিশাল ব্যবধানের হার দিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজটা শুরু করেছে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের এই শীর্ষ দল। গতকাল লর্ডস টেস্টটা হারের পর পিচ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন মহেন্দ্র সিং ধোনি। লর্ডসের পিচের অস্বাভাবিক বাউন্সের জন্য অনেক ঝামেলা পোহাতে হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় অধিনায়ক।গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ধোনি বলেছেন, ‘২০০৭ সালের ইংল্যান্ড সফরে আমরা যে ধরনের উইকেট পেয়েছিলাম, এবারেরটা তেমন ছিল না। সেবারও উইকেটে অনেক বাউন্স ছিল, কিন্তু এবার বল কখন বাউন্স করবে আর কখন করবে না, এটা একেবারেই বোঝা যাচ্ছিল না। ২০০৭ সালে অনেক বল আপনি ছেড়ে দিতে পারতেন। কিন্তু এবারের পিচটা ছিল একেবারেই অস্বাভাবিক। কখনো বল খুব বেশি বাউন্স করে কখনো খুব নিচে নেমে যায়। প্রতিটা বলই খুব দেখে দেখে খেলতে হয়েছে।’দলের বোলিং আক্রমণের মূল অস্ত্র জহির খানের ইনজুরির কারণে বোলিং না করতে পারাটাকেও এই হারের পেছনে একটা বড় কারণ হিসেবে শনাক্ত করেছেন ধোনি। তিনি বলেছেন, ‘জহিরের অনুপস্থিতিতে মাত্র তিন জন বোলার নিয়ে খেলতে অনেক সমস্যা হয়েছে। আমাদের হাতে খুব বেশি বিকল্প ছিল না। যদি আর একজনও বাড়তি বোলার থাকত, তাহলে হয়তো অন্য রকম কিছুও ঘটতে পারত।’ তবে পরবর্তী টেস্টে জহির খান পুরোপুরি সুস্থ অবস্থায় মাঠে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ধোনি। টাইমস অব ইন্ডিয়া।