পিচের সমালোচনায় বেইলিস-ধোনি
ব্যাটসম্যানদের একাধিপত্য দিয়ে শেষ হয়েছে কলম্বো টেস্ট। বোলার আর ক্রিকেটপ্রেমীদের প্রাপ্তি কেবল হতাশা। এ পরিস্থিতির জন্য কলম্বোর পিচকে দায়ী করছেন শ্রীলঙ্কার কোচ ট্রেভর বেইলিস এবং ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।টেস্টের পাঁচ দিনে উইকেট পড়েছে মাত্র ১৭টি, রান উঠেছে এক হাজার ৪৭৮। দুই দলের পাঁচজন ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পেয়েছেন। অন্যদিকে রান দেওয়ার সেঞ্চুরি করেছেন আটজন বোলার! ডাবল সেঞ্চুরির ক্ষেত্রে অবশ্য বোলারদের চেয়ে ব্যাটসম্যানরা এগিয়ে। কুমার সাঙ্গাকারা ও শচীন টেন্ডুলকার ডাবল সেঞ্চুরি করেছেন। তাঁদের সঙ্গে তাল মেলাতে গিয়েই যেন রান দেওয়ার ডাবল সেঞ্চুরিটা করে ফেললেন শ্রীলঙ্কার সুরাজ রণদিভ, তা-ও আবার অভিষেক টেস্টেই।ত্যক্ত-বিরক্ত হয়ে স্বাগতিক দলের কোচ ট্রেভর বেইলিস বলছেন, ‘টেস্টে আমরা অবশ্যই ব্যাটিং সহায়ক পিচ চাই, তবে বোলারদের কথাও মাথায় রাখা উচিত। এ রকম মৃত উইকেট টেস্ট ক্রিকেটের জন্য কখনোই ভালো ফল এনে দিতে পারবে না।’ ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি হতাশা ব্যক্ত করে বলছেন, একটি টেস্টে ফাস্ট বোলাররা সহায়তা না পেলে স্পিনাররা সুবিধা পাবে, এটাই প্রত্যাশিত। কিন্তু এ পিচটি শুধু ব্যাটসম্যানদের জন্যই করা হয়েছে! পিচের সমালোচনা করার পর ধোনি অবশ্য মন্দের ভালো খোঁজারও চেষ্টা করেছেন, ‘টেস্টে প্রথম ব্যাট করা দল একটু সুবিধা পায়। তার পরও প্রতিপক্ষের ৬০০ রানের বেশি সংগ্রহের পর আমরা ভালো ব্যাটিং করেছি। এখান থেকে অনেক কিছু পাওয়া হয়েছে আমাদের।’—বিবিসি