পিছিয়ে গেল লঙ্কান প্রিমিয়ার লিগ
ভারতীয় প্রিমিয়ার লিগের জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ চালু করার উদ্যোগ নিয়েছিল শ্রীলঙ্কাও। কিন্তু নানামুখী বাধার সম্মুখীন হওয়ায় অবশেষে পিছিয়ে গেল এই শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ। এ বছরের জুলাইয়ে শুরু হওয়ার কথা থাকলেও এখন লঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম আসরের জন্য অপেক্ষা করতে হবে ২০১২ সালের আগস্ট পর্যন্ত।শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ও সমারসেট এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগে শুরু হওয়ার কথা ছিল এই টি-টোয়েন্টি লিগ। কিন্তু কয়েকদিন আগে দেশটির ক্রীড়া মন্ত্রণালয় লঙ্কান ক্রিকেট বোর্ডের কার্যক্রম স্থগিত ঘোষণা করায় সৃষ্টি হয়েছে জটিলতা। এ ছাড়া ভারতও তাদের ১২ জন ক্রিকেটারকে শ্রীলঙ্কায় খেলার অনুমতি না দেওয়ায় কিছুটা বিপাকে পড়ে গেছে এই প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে তারা।—ইএসপিএন।