প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থেকে ৪৩ রান পিছিয়ে থেকেই প্রথম ইনিংস ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। প্রায় সাড়ে ১০ বছর পর এ ঘটনা আবারও দেখল টেস্ট ক্রিকেট। ব্রিজটাউন টেস্টের আগে আরও ২৫ বার পিছিয়ে থেকে প্রথম ইনিংস ঘোষণার নজির ছিল। কাল শেষ হওয়া ম্যাচের ফল কী হয়েছে, তা হয়তো এতক্ষণে জেনে গেছেন। তবে এর আগে মাত্র দুইবার পিছিয়ে থেকে ইনিংস ঘোষণা করা দল জিতেছে। দুইবারই জয়ী দলটির নাম ইংল্যান্ড। ১৯৩৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ব্রিজটাউনেই ২১ রানে পিছিয়ে থেকে ইনিংস ঘোষণা করা ইংল্যান্ড শেষ পর্যন্ত জিতেছিল চার উইকেটে। এরপর ২০০০ সালে সেঞ্চুরিয়নে বিতর্কিত সেই টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই উইকেটে জিতেছিল ইংল্যান্ড। তবে ম্যাচটিতে দুই দলই একটি করে ইনিংস ছেড়ে দিয়েছিল। এভাবে ইনিংস ছেড়ে দিয়ে সর্বোচ্চ তিনবার হারার রেকর্ডটিও ইংল্যান্ডের।