পিছিয়ে পড়েও জিততে জানে ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শেষ মুহূর্ত পর্যন্ত মাটি কামড়ে লড়াই করবে’—সব ফুটবল কোচই শিষ্যদের কানে অহর্নিশ এই মন্ত্র জপে দেন। মাঠে গিয়ে সেটি অনূদিত করা তো আর সহজ কথা নয়! তবে এই দীক্ষা স্যার অ্যালেক্স ফার্গুসনের চেয়ে ভালো কেউ দিতে পারেন বলে মনে হয় না। পিছিয়ে পড়েও ম্যাচ জেতাটাকে এখন একরকম অভ্যাসে পরিণত করে ফেলছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের নয়টি জয়ের পাঁচটিই এসেছে পিছিয়ে পড়ার পর। আর চ্যাম্পিয়নস লিগে এমন দুর্দান্ত প্রত্যাবর্তনের সংখ্যা তিন। সাউদাম্পটনের সঙ্গে রবিন ফন পার্সির সেই অতিরিক্ত সময়ের গোল দিয়ে শুরু। এখন তো কোনো দলই ইউনাইটেডের জালে আগে গোল দিতে চাইবে না!গত পরশুই আবার সেই কাহিনির পুনরাবৃত্তি, অ্যাস্টন ভিলার আন্দ্রেয়াস ওয়াইমানের দ্বিতীয় গোলে ৫০ মিনিটেই ২-০-তে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপরই যেন আহত সিংহের মতো জেগে ওঠে ইউনাইটেড। তবে অন্য কেউ নয়, পুরো মঞ্চটা একাই আলো করেন হাভিয়ের হার্নান্দেজ। গত সপ্তাহেই চ্যাম্পিয়নস লিগে ব্রাগার বিপক্ষে গোল করেছিলেন অন্তিম মুহূর্তে। এ ম্যাচেও বিরতির পর নেমে দুই গোল করে জেতালেন ইউনাইটেডকে।ইউনাইটেডের আরেক কিংবদন্তি ওলে গানার সোলসকায়েরের সঙ্গে হার্নান্দেজের মিল খুঁজে পাচ্ছেন কেউ কেউ। পূর্বসূরির মতো বেঞ্চ থেকে উঠে এসে গুরুত্বপূর্ণ গোল করাটা অভ্যাসই বানিয়ে ফেলছেন এই মেক্সিকান। ফার্গুসনের জন্য এ এখন এক মধুর সমস্যাই—কাকে ছেড়ে কাকে রাখবেন দলে! তবে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর হার্নান্দেজকে প্রথম একাদশে না রাখাও যে অবিচার হয়ে যায় সেটা যেন স্বীকারই করেছেন ইউনাইটেড কোচ, ‘হাভিয়ের তার স্বাভাবিক খেলাই খেলেছে। বক্সে সে অসাধারণ এবং তার মুভমেন্ট ও গতির কারণে গোলও পাচ্ছে। যখন আপনি এভাবে গোল করেন, আপনি নিজেই নিজেকে তুলে আনেন, আমার মনে হয় সে পরের সপ্তাহে খেলতে যাচ্ছে।’তবে ইউনাইটেড যেখানে পিছিয়ে পড়েও ফিরে এসেছে, আর্সেনাল সেখানে ২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি। দারুণ এক ম্যাচে ফুলহামের সঙ্গে ড্র করেছে ৩-৩ গোলে। তবে সবকিছুর পরও ম্যাচের শেষ মুহূর্তে মিকায়েল আরটেটার পেনাল্টি মিসই শেলের মতো বিঁধবে আর্সেন ওয়েঙ্গারের বুকে।’একই শহরের ইউনাইটেড গোল খেয়ে ঘুরে দাঁড়ানোর ভেলকিবাজি দেখাতে পারলে সিটিই বা কেন পিছিয়ে থাকবে? গতকাল নিজেদের মাঠে টটেনহামের বিপক্ষে শুরুতে পিছিয়েই পড়েছিল ম্যানচেস্টার সিটি। বিরতির পরে অবশ্য খেলায় ফেরে সিটি, সার্জিও আগুয়েরো সমতা ফেরান ৬৫ মিনিটে। আর বদলি নেমে ৮৮ মিনিটে নাটকীয়ভাবে জয় এনে দেন ‘সুপার সাব’ এডিন জেকো। এ জয়ে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে সিটি। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ইউনাইটেড। কাল লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করে ২৪ পয়েন্ট নিয়ে চেলসি নেমে গেছে তিনে। চার ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা অধিনায়ক জন টেরি ২০ মিনিটে এগিয়ে নিয়েছিলেন চেলসিকে। ৭৩ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান লুইস সুয়ারেজ। এএফপি, রয়টার্স।