পিছিয়ে পড়েও জিতল মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডানের বিপক্ষে ম্যাচটাকে নিজেদের ‘ফাইনাল’ ম্যাচ হিসেবে দেখছিল শেখ রাসেল। এই ম্যাচ জিতলে মোহামেডানের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থাকা রাসেলের সামনেও রানার্সআপ হওয়ার সুযোগ আসত। কিন্তু রাসেলকে সেই সুযোগ না দিয়ে মোহামেডানই সম্ভবত রানার্সআপ হওয়ার হ্যাটট্রিক করতে যাচ্ছে! যদিও এটা মোহামেডানের জন্য কোনো সান্ত্বনা নয়। সাদা-কালো দলটি রানার্সআপ হওয়ার জন্য তো খেলে না!বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল দুই দলের ম্যাচের শুরুতেই ছিল নাটকীয়তা। ৮ মিনিটে রাজন মিয়ার গোলে শেখ রাসেল এগিয়ে গিয়ে সবাইকে বলল নড়েচড়ে বসতে।কিন্তু মোহামেডান ঘুরে দাঁড়াতে সময় নিল না। ১৮ মিনিটে বুকোলা ওলালেকান ম্যাচে ফেরান মোহামেডানকে (১-১)। মিনিট খানেক পরই জাহিদ হাসানের (এমিলি) দারুণ শটে মোহামেডানের অগ্রগামিতা (২-১)। শেষ পর্যন্ত ম্যাচের এই স্কোরলাইনটাই থাকল। পেশাদার লিগে রাসেলের বিপক্ষে এটি মোহামেডানের দ্বিতীয় জয়। যার প্রথমটি ছিল গত লিগের প্রথম পর্বে (২-১)। বাকি চার ম্যাচ ড্র। তার অর্থ পেশাদার লিগে মোহামেডানকে হারানোর স্বপ্নটা এবারও পূরণ হলো না রাসেলের। তার আগে ঢাকার প্রিমিয়ার লিগেও নয়। অবশ্য প্রিমিয়ার লিগে মোহামেডানও জিততে পারেনি রাসেলের বিপক্ষে।২১ ম্যাচে মোহামেডানের পয়েন্ট হলো ৫৫। রাসেলের ৪৭। আবাহনীর ৬১। ম্যাচ বাকি আর ৩টি করে। এই তিন ম্যাচে আবাহনীকে সরিয়ে মোহামেডান চ্যাম্পিয়ন হয়ে যাবে—এটা অকল্পনীয় ব্যাপার। মোহামেডানকে হটিয়ে রাসেলের রানার্সআপ হওয়ারও সম্ভাবনা নেই বললেই চলে। রাসেল তৃতীয়ই হচ্ছে।রাসেলের এ নিয়ে দুঃখ আছে বলে মনে হয় না। ‘পারলে ভালো না পারলে নেই’—এই হলো তাদের মানসিকতা। তবে কাল সুযোগ এসে গিয়েছিল বল পজেশনে এগিয়ে থাকা রাসেলের সামনে। ম্যাচের আগে ওয়ার্মআপে কোমরের মাংসপেশিতে ব্যথা পেয়ে খেলেননি গোলরক্ষক আমিনুল। পোস্টের নিচে শাকিল ছিলেন বলেই নয়, এগিয়ে যাওয়ার পর খানিক রক্ষণাত্মক হয়ে পড়ে মোহামেডান। রক্ষণ ছিল নড়বড়ে। গরমে ক্লান্ত মাঝমাঠ বল ধরে রাখতে পারছিল না।এই সুযোগ কাজে লাগিয়ে রাসেল আক্রমণে উঠল বেশ কয়েকবার। কিন্তু সমতাসূচক গোলের রাস্তাটা খুঁজে পায়নি। গোল মিসই কাল হলো তাদের জন্য। কোচ মাহমুদুল হক সেটাকেই হারের কারণ বললেন ম্যাচের পর। মোহামেডানের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করা মোহাম্মদ পনিরকে সেই আফসোস করতে হলো না। দলের প্রধান কোচ মারুফুল হকের পদত্যাগের পর তাঁর অধীনে দুটি ম্যাচেই তো জয় এল। তাতে প্রায় নিশ্চিত হলো হ্যাটট্রিক রানার্সআপ!