পিছিয়ে পড়েও জয় বার্সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। তাও আবার দুই গোলে। সেভিয়ার বিপক্ষে গতকাল শনিবার রাতেই স্প্যানিশ জায়ান্টদের জয়রথ থেমে যাওয়ার শঙ্কা জেগেছিল। কিন্তু সেই আশঙ্কা শেষ পর্যন্ত বাস্তব রূপ পায়নি। সেস ফ্যাব্রিগাসের জোড়া ও ডেভিড ভিয়ার শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছেন লিওনেল মেসিরা।সেভিয়ার বিপক্ষে জয়ের মাধ্যমে ছয় ম্যাচের সব কটিতেই জিতল বার্সা। পুরো ১৮ পয়েন্ট নিয়ে লা লিগায় নিজেদের শ্রেষ্ঠত্বটা আরও সংহত হলো টিটো ভিলানোভার দলের। সেই সঙ্গে শিরোপার লড়াইয়ে বার্সার মূল প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধানটাও গিয়ে দাঁড়াল ১১ পয়েন্টে। বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলেছে রিয়াল। পাঁচ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোদের অর্জন মাত্র ৭ পয়েন্ট। অবশ্য আজ রাতেই ব্যবধানটা কমে আসার সুযোগ রয়েছে। নিজেদের মাঠে আজ রিয়ালের প্রতিপক্ষ দেপোর্তিভো লা করুনিয়া।সেভিয়ার বিপক্ষে ম্যাচের ২৬ মিনিটে পিছিয়ে পড়ে বার্সা। স্প্যানিশ জায়ান্টদের রক্ষণভাগকে পরাস্ত করে গোল করেন পিওতর ত্রোখস্কি। প্রথমার্ধে গোল বলতে এই একটাই। দ্বিতীয়ার্ধের তিন মিনিট যেতে না যেতেই গোল করে ব্যবধানটা দ্বিগুণ করেন সেভিয়ার নেগ্রেদো। পাঁচ মিনিট পর ব্যবধান কমান বার্সার সেস ফ্যাব্রিগাস। খেলার ৭২ মিনিটে গ্যারি মেডেল লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সেভিয়া। এরপর গোলের দেখা পাচ্ছিল না বার্সা। মনে হচ্ছিল, হেরেই যাবে স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু শেষ মুহূর্তে নাটকীয়তায় বদলে যায় দৃশ্যপট। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে নিজের দ্বিতীয় গোলটা পেয়ে যান ফ্যাব্রিগাস। সমতায় ফেরে বার্সা। যোগ করা সময়ের তিন মিনিটের মাথায় সেভিয়ার জালে বল জড়ান ডেভিড ভিয়া। হারতে হারতে স্বস্তির জয় বার্সার।এ ম্যাচে শুরু থেকেই ছিলেন বার্সার আক্রমণভাগের প্রাণভোমরা লিওনেল মেসি। গোল পাননি, তবে আর্জেন্টাইন এই সুপারস্টারের কথা আলাদা করে বলতেই হয়। কারণ, বার্সার শেষ দুটি গোলই এসেছে মেসির সহায়তায়। ফ্যাব্রিগাসের প্রথম গোলটিতে সহায়তা করেছিলেন পেদ্রো। রয়টার্স।