পিছিয়ে পড়েও মুক্তির ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের ৪৪ মিনিট পর্যন্ত ২-০-তে এগিয়ে মোহামেডান। ততক্ষণে হয়তো প্রথম সুপার কাপ জয়ের স্মৃতি রোমন্থন শুরু হয়ে গিয়েছিল সমর্থকদের মধ্যে। কিন্তু সেই সমর্থকেরাই ম্যাচ শেষে দিল দুয়ো। বাংলাদেশ লিগের ‘রানার্সআপ’ মুক্তিযোদ্ধার সঙ্গে ২-২ গোলে ড্র করে ফেলল সাদা-কালোরা। এবারের দল বিবেচনায় এটাই বা কম কিসে মোহামেডানের জন্য?অথচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল কী দুর্দান্ত শুরুই না ছিল মোহামেডানের! ৪ মিনিটেই গোল পেয়ে যেতেন মোহামেডানের নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে সিজোবা। কিন্তু মুক্তিযোদ্ধার গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যকে একা পেয়েও গোল করতে পারেননি। তবে ৮ মিনিটে আর মিস করেননি। ডান প্রান্ত দিয়ে শরীফুলের ক্রসে শুধু একটা টোকা দিয়ে গোল করেন সানডে (১-০)। ১২ মিনিটে তৌহিদুলের কর্নার থেকে পাওয়া বলে আবদুল হামিদ খান ভাসানী করেন দ্বিতীয় গোল (২-০)।এই মোহামেডানই প্রথমার্ধ শেষের কেবলই আগে বাজে একটি গোল খেয়ে বসে। বরিসের হেড প্রথম চেষ্টায় ধরলেও মোহামেডানের ঘানাইয়ান গোলরক্ষক আল হাসানের হাত ফসকে বেরিয়ে যায়। সামনে দাঁড়ানো সুযোগসন্ধানী বুকোলা গোল করতে ভুল করেননি (২-১)।দ্বিতীয়ার্ধে যেন পুরোটাই বদলে যায় মুক্তিযোদ্ধা। পরিকল্পিত আক্রমণ গড়ে পিছিয়ে পড়া দলটিই তখন জয় পেতে মরিয়া। ৫১ মিনিটে বক্সের ভেতরে জটলায় থেকে বুকোলার পাসে মুক্তিকে সমতায় ফেরান মিঠুন চৌধুরী (২-২)।পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়া উচিত ছিল মুক্তিযোদ্ধার। কিন্তু মিঠুনের ব্যর্থতায় সেটি আর হয়নি। গোটা তিনেক নিশ্চিত সুযোগ পেয়েছেন। গোলরক্ষক আল হাসানকে মুখোমুখি পেয়েও প্রতিবার বল মেরেছেন বাইরে। ম্যাচ শেষে বেশ হতাশই দেখাল জাতীয় দলের স্ট্রাইকারকে। লিগের সর্বোচ্চ গোলদাতা সুদানি স্ট্রাইকার জেমস মগার অভাবটা বেশ অনুভব করেছে মুক্তিযোদ্ধা।মুক্তিযোদ্ধা কোচ মারুফুল হক না জেতার কারণ খুঁজেছেন এভাবে, ‘আমরা নিজেরাই সমস্যা ডেকে এনেছি। সুপার কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগের দিন বেঞ্চের বেশির ভাগ খেলোয়াড়কে আগামী মৌসুমের জন্য দেওয়া হয়েছে লাখ লাখ টাকা। আর যারা নিয়মিত খেলেছে তাদের সঙ্গে কথাও বলা হয়নি। এ কারণে কারও হয়েছে ওভার মোটিভেশন, কারও জিরো মোটিভেশন। এটারই ফল ড্র।’ তবে জেমস মগার অভাব তিনি মোটেও অনুভব করেননি বলে দাবি করলেন।মোহামেডান কোচ শফিকুল ইসলামের কথা, ‘প্রথমার্ধের শেষ মিনিটের ওই বাজে গোলই ম্যাচের টার্নিং পয়েন্ট। তখনই প্রেশারে পড়ে গেছে ছেলেরা। তা ছাড়া এই গরমে প্রথম ৩০ মিনিট অনেক বেশি দৌড়াদৌড়ি করে ওরা হয়তো ক্লান্ত হয়ে পড়েছে।’মোহামেডান: আল হাসান, হাসান আল মামুন, ভাসানী, বেবেক, আমানি, লিটন, ফ্রান্সিস, শরীফুল (রনি), তৌহিদুল (আরাফাত), আনোয়ার, সানডে।মুক্তিযোদ্ধা: বিপ্লব, রজনী, মতিউর মুন্না (রাজন), বরিস (আলমগীর), ইয়ামিন, আরমান আজিজ, নাসির, পল, মারুফ (জাহেদ), মিঠুন, বুকোলা।