পিছু ছাড়ছে না বিতর্ক
চাকচিক্যের পলেস্তারা খসে পড়তে শুরু করেছে। জাঁকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর সমালোচনার বোতলে ছিপি এঁটে দেওয়া গিয়েছিল। কিন্তু কমনওয়েলথ গেমস মাঝপথে এসে আবারও অস্বস্তির ঢেকুর তুলছে। আবারও শুরু হয়েছে সমালোচনার বুদ্বুদ।প্রত্যাশিত সহযোগিতা আয়োজকেরা করছে না—এমন অভিযোগ বাংলাদেশি শ্যুটাররা শুরু থেকেই করছেন। তবে এই অভিযোগকে তাঁদের ব্যর্থতা আড়াল করার প্রচেষ্টা ভাবার কোনো কারণ নেই। অভিযোগকারীদের তালিকায় যে আছে হোমরাচোমরা দেশগুলোও। গেমসের আট দশকের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল আসর এটিই। তবে অনেকেরই আশঙ্কা, ১৯তম দিল্লি গেমসটা না এবার অনাকাঙ্ক্ষিত একটা রেকর্ডও করে বসে—সবচেয়ে বিতর্ক আর অব্যবস্থাপনার গেমস!ডেডলাইন পেরিয়ে গিয়েও নির্মাণকাজ শেষ না হওয়া, দুর্নীতির অভিযোগ, অবকাঠামো ভেঙে পড়া, পাগলা কুকুর কিংবা বিষধর সাপ খুঁজে পাওয়া, তারকা অ্যাথলেটসের সরে দাঁড়ানো—এই দুঃসংবাদগুলো তাড়িয়ে দিয়েছিল ৩ অক্টোবরের ৩ ঘণ্টার জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু প্রতিদিনই নিত্যনতুন সমস্যা নিয়ে হাজির হচ্ছে দিল্লি। সাঁতারপুলে দূষিত পানিতে সাঁতারুদের অসুস্থ হয়ে পড়া, গেমস-পল্লির ভেতরে গাড়ি দুর্ঘটনায় উগান্ডার তিন কর্মকর্তার আহত হওয়া, ত্রুটিপূর্ণ বক্সিং স্কেল...এসব কিছুর চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে গ্যালারির শূন্যতা। তুলনামূলক জনপ্রিয় খেলাগুলোও টানতে পারছে না দর্শক। বিজয়মঞ্চে সোনার মেডেল গলায় ঝুলিয়ে অ্যাথলেটরা যাঁদের উদ্দেশে হাত নাড়ছেন, তাঁরা নিতান্তই ওই অ্যাথলেটদেরই আত্মীয়স্বজন কিংবা সতীর্থ।এরই মধ্যে গত বৃহস্পতিবার রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল গেমসের বিচারকদের। মেয়েদের ১০০ মিটারে সোনা জেতা অস্ট্রেলিয়ার শ্যালি পিয়ারসনের সোনা কেড়ে নেওয়া হয় ফলস স্টার্টের অপরাধে। গত ৩৬ বছরে প্রথম অস্ট্রেলীয় হিসেবে ১০০ মিটারে সোনা জেতার কৃতিত্ব গড়েও স্বীকৃতি পেলেন না পিয়ারসন। সেই হতাশা ঝরে পড়ছিল তাঁর কণ্ঠেও, ‘দৌড় শেষ করলাম, ভিক্টরি ল্যাপ দিলাম, সবকিছুই কী দারুণই না হচ্ছিল। সেই সময়ে আমাকে জানানো হলো, মেডেলটা তুমি পাচ্ছ না! ভয়াবহ!’নানামুখী সমালোচনায় শুরু থেকে আয়োজকদের পক্ষে দাঁড়িয়েছেন কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রধান মাইক ফেনেল। এবার তিনিও ক্ষুব্ধ। কর্মকর্তাদের মধ্যে সমন্বয়ের অভাব আছে বলে স্বীকার করে নিয়েছেন ফেনেল। তাঁর মুখেই শোনা গেল নতুন সমস্যার কথা। রোববার আর বুধবার সাইক্লিং আছে, বৃহস্পতিবার আছে মেয়েদের ম্যারাথন। সরাসরি সম্প্রচারের জন্য হেলিকপ্টারে টিভি ক্যামেরা থাকার কথা। কিন্তু সংরক্ষিত অঞ্চলের মধ্যে পড়ে যাওয়ায় দিল্লির এই অংশটায় বেসামরিক বিমান ওড়ার নিয়ম নেই। সেই অনুমতি কাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত জোগাড় হয়নি। শেষ বিচারে কি তবে ফ্লপ হতেই যাচ্ছে দিল্লি গেমস? ভারতের ক্রীড়া বিপণন বিশেষজ্ঞ ইন্দ্রনীল দাস স্বীকার করে নিয়েছেন, এই গেমসের বাণিজ্যিক সফলতার আশা দুরাশাই হবে, ‘যেসব সমস্যা দেখা দিচ্ছে, তার মূল কারণই হলো অভিজ্ঞতার অভাব। ভারত কখনোই এত বড় মাপের কোনো অনুষ্ঠানের আয়োজন আগে করেনি। তার পরও এই সমস্যাগুলো এড়ানো যেত, যদি আরও সুসংগঠিত পরিকল্পনা থাকত।’ এএফপি।