পিছু হটল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লঙ্কান ক্রিকেটারদের নিয়ে অনেক রশি টানাটানি শেষে অবশেষে পিছু হটল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। আইপিএল থেকে ৫ মের মধ্যে ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্তে মোটামুটি অটল ছিল শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু এখন ১৮ মে পর্যন্ত আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন সাঙ্গাকারা, জয়াবর্ধনে ও মালিঙ্গারা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ও নির্বাচকদের সঙ্গে দীর্ঘ আলাপ-আলোচনার পর গতকাল এই সিদ্ধান্ত জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা আলুথগামেজ।তিনি গতকাল টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘আমরা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ও নির্বাচকদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ বিবেচনা করেছি। এখন লঙ্কান ক্রিকেটারদের ১৮ মে পর্যন্ত আইপিএলে খেলার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু ১৯ মে অবশ্যই জাতীয় দলের সব ক্রিকেটারকে ইংল্যান্ডে হাজির থাকতে হবে দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচটি খেলার জন্য।’যদি ৫ মের মধ্যেই ক্রিকেটারদের দেশে ফিরিয়ে নেওয়া হতো, তাহলে আইপিএলে খেলার জন্য বিপুল অঙ্কের টাকা থেকে বঞ্চিত হতে পারতেন লঙ্কান ক্রিকেটাররা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও বঞ্চিত হতো তাদের লভ্যাংশ থেকে। অনেকেই ধারণা করছেন এধরণের রিপোর্ট প্রকাশিত হওয়ার পরই সিদ্ধান্ত পাল্টিয়েছে শ্রীলঙ্কা। তবে এ ধরনের কথাবার্তা একেবারেই পাত্তা দেননি দেশটির ক্রীড়ামন্ত্রী। তিনি বলেছেন, ‘এটা সরকারের কোনো ব্যাপার না। বিসিসিআইয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে, আমরা ক্রিকেটারদের আইপিএলের চুক্তি রক্ষা করার অনুমতি দিয়েছি। ভুলে যাবেন না যে, বিসিসিআই ও ভারতীয় সরকারের সঙ্গে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে।’