ইট মেরেছিলেন জ্যাক উইলশেয়ার। পাটকেল খেতেও সময় লাগল না। ‘শুধু ইংলিশদেরই ইংল্যান্ডের পক্ষে খেলা উচিত’, জাতীয়তাবাদী এই মন্তব্যের জবাবটা ভালোই পেয়েছেন ইংলিশ ফুটবলার। উইলশেয়ারকে প্রথম চ্যালেঞ্জটা ছুড়েছেন ক্রিকেটার কেভিন পিটারসেন। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ইংলিশ মা ও দক্ষিণ আফ্রিকান বাবার সন্তান পিটারসেন ইংল্যান্ডে চার বছর কাটিয়ে তবেই সুযোগ পেয়েছেন ইংল্যান্ড দলে। টুইটারে কেপির জিজ্ঞাসা উইলশেয়ারের যুক্তি মানলে তাঁর, স্ট্রাউস, ট্রট, প্রায়র ও অলিম্পিক তারকা মো ফারাহর কোথায় স্থান হতো। ‘আমি শুধু ফুটবলারদের বুঝিয়েছি’—উইলশেয়ার পাল্টা টুইট করলেও মানেননি কেপি। উইলশেয়ারকে ব্যতিব্যস্ত হতে হয়েছে নিজের অবস্থান পরিষ্কার করতেই। আর্সেনাল ফুটবলারকে বলতে হয়েছে কেপি-ফারাহরা দেশের গর্ব। এএফপি।