পিটারকে নিচ্ছে না হকি ফেডারেশন
জাতীয় দলের কোচ হিসেবে গেরহার্ড পিটারের পুনর্নিয়োগ সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। কিন্তু কাল হঠাৎ সংবাদ সম্মেলন ডেকে কর্তারা জানালেন, এখনই কোচ নিয়োগ নয়। ‘দেখেশুনে’ তবেই নিয়োগ। অথচ চুক্তি করার জন্য জার্মান এই কোচ ঢাকায় এসেছেন তিন দিন হলো। পুনর্নিয়োগ না দিলে তাঁকে ঘটা করে আনা কেন?
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেকের ব্যাখ্যা, ‘পিটার আগে বলেছিলেন জাতীয় দল ও তৃণমূল নিয়ে কাজ করতে রাজি আছেন। এখন দেখছি শুধু জাতীয় দল নিয়েই বেশি আগ্রহ তাঁর। কিন্তু আমাদের তো তৃণমূলে কাজ করার মতো কোচই বেশি দরকার। তাই আমরা পিটারের সঙ্গে চুক্তি করছি না।’
তবে সাধারণ সম্পাদক যা-ই বলুন, পিটার জাতীয় দল নিয়ে ইউরোপ সফরের পরিকল্পনার কথা হঠাৎ করে বলেননি। তৃণমূলে কাজ করতে তাঁকে একজন সহকারী আনতেও বলেছিল ফেডারেশন। এখন হঠাৎ পিটারে এমন অনীহা অবাক করা ব্যাপারই। নতুন কোচ বেছে নিতে খাজা রহমতউল্লাহ, শফিউল্লাহ আল মুনীর, রফিকুল ইসলাম কামাল ও এহসান রানাকে নিয়ে একটি কমিটি করা হয়েছে। মোহামেডানের হকি চেয়ারম্যান শফিউল্লাহর সঙ্গে পিটারের সম্পর্ক খারাপ, তাই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে। তার ওপর ১১ আগস্ট অনুষ্ঠান করে হকি ফেডারেশনকে ১ কোটি টাকা অনুদান দেবেন শফিউল্লাহ। কাজেই তাঁর মতামত বাড়তি গুরুত্ব পাচ্ছে কোচ নিয়োগে। এতেই পিটারের ‘কপাল পুড়েছে’ বলছেন অনেকে।
এরই মধ্যে জার্মান কোচ অলিভার ক্রুসকে ঢাকায় আসতে বলা হয়েছে, সম্ভবত তাঁকেই কোচ করা হবে। এর আগে ঢাকায় পিটারের সহকারী হিসেবে কাজ করেছেন ক্রুস। তবে কোচ নিয়োগে হকি ফেডারেশনের যেমন দীর্ঘসূত্রতা আর সিদ্ধান্তহীনতা চলছে, তাতে কী হয় বলা যায় না।