পিটারসনের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড়ে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডিলেড টেস্টের আরেকটা দিন হতাশা নিয়েই পার করল স্বাগতিক অস্ট্রেলিয়া। কেভিন পিটারসনের ডাবল সেঞ্চুরির সুবাদে তৃতীয় দিনে শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৫৫১ রান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে এখন পর্যন্ত ৩০৬ রানে এগিয়ে ইংল্যান্ড। হাতে রয়েছে আরও ছয়টি উইকেট।প্রথম দুই সেশনে অস্ট্রেলীয় বোলারদের ওপর তাণ্ডব চালানোর পর তৃতীয় সেশনে স্কোরটা হয়তো আরও বড় করতে পারত ইংল্যান্ড। কিন্তু বৃষ্টির বাধায় মাঠে গড়ায়নি আজকের দিনের তৃতীয় সেশনের খেলা। আর এতে হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পন্টিংবাহিনী। অ্যাশেজ সিরিজের প্রথম পরাজয় এড়ানোর কাজটা অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা শুরু করার আগে সেটা বৃষ্টিই কিছুটা এগিয়ে দিয়েছে।টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরির প্রত্যাশায় ১৩৬ রান নিয়ে দিন শুরু করেছিলেন অ্যালিস্টার কুক। কিন্তু আজ খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তিনি। দিনের ষষ্ঠ ওভারেই আগের দিনের সঙ্গে মাত্র ১২ রান যোগ করেই ফিরে গেছেন কুক। তবে কুক না পারলেও ৮৫ রান নিয়ে দিন শুরু করা পিটারসন সেঞ্চুরি তো বটেই, পূর্ণ করেছেন ডাবল সেঞ্চুরিও। প্রায় দেড় বছর পর টেস্ট সেঞ্চুরি করে সমালোচকদের মুখ কিছুটা হলেও বন্ধ করেছেন এ ডানহাতি ব্যাটসম্যান। চতুর্থ উইকেট জুটিতে কলিংউডকে সঙ্গে নিয়ে যোগ করেছেন ১০১ রান। ৪২ রান করে ওয়াটসনের শিকারে পরিণত হয়ে ফিরে গেছেন কলিংউড। এরপর আর কোনো উইকেটের দেখা পাননি অস্ট্রেলীয় বোলাররা। দিন শেষে পিটারসেন ২১৩ আর ইয়ান বেল ৪১ রানে অপরাজিত আছেন। ক্রিকইনফো।