পিটারসেন-ঝড়ে স্বস্তিতে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিংয়ের মতো কেভিন পিটারসেনের উদ্যাপনও প্রায়ই হয়ে থাকে দর্শনীয়। কালকের ইনিংসটি দর্শনীয় তো ছিলই, ক্যারিয়ারের অন্যতম সেরাও। আর উদ্যাপনটাকে কী বলা যায়! খ্যাপা?৮৬ থেকে টানা তিন বলে চার-ছয়-দুই রানে ৯৮। পরের বলে রিভার্স সুইপে ২ রান নিয়ে সেঞ্চুরি। দ্বিতীয় রানের শেষ দুই কদম পার হলেন বিশাল এক লাফে। রান হয়ে যাওয়ার পর আরেকটা আকাশছোঁয়া লাফ, মুষ্টিবদ্ধ হাত বাতাসে ছোড়া। কণ্ঠে গর্জন। এরপর হাঁটু গেড়ে বসে আবার মুষ্টিবদ্ধ হাত ক্রমাগত বাতাসে ছোড়া, যেন দুঃসময়কে পাল্টা জবাব!সে এক দুঃসময় ছিল বটে, ফর্মের চূড়া থেকে একেবারে তলানিতে। ভারতের বিপক্ষে সিরিজে ৬ ইনিংসে ১০৬.৬০ গড়ে করেছিলেন ৫৩৩। আর পাকিস্তান-শ্রীলঙ্কার বিপক্ষে কালকের আগের ৮ ইনিংস মিলিয়ে ১০০! এই পরিসংখ্যানের চেয়েও বিব্রতকর ছিল আউট হওয়ার ধরনগুলো, স্পিন মানেই যেন ছিল বিভীষিকা! কাল বুঝিয়ে দিলেন, নিজের মতো খেলতে পারলে স্পিনে তাঁর মতো ব্যাটসম্যান বিশ্বে কমই আছে। অসাধারণ পায়ের কাজ, ক্রিকেট বই থেকে বের করে আনা প্রায় সব শটে দিশেহারা লঙ্কান স্পিনাররা। হেরাথের ৫৬ বলে ৩৪, দিলশানের ৪১ বলে ৪৭ আর রণদিভের ১৭ বলে করেছেন ৩৯, সব মিলিয়ে তিন স্পিনারের ১১৪ বলে ১২০! ৬ ছয়ের ৫টিই স্পিনারদের। অ্যালিস্টার কুক অবশ্য প্রত্যাশিত সেঞ্চুরিটা পাননি ৬ রানের জন্য। টানা দ্বিতীয় সেঞ্চুরি পাননি জোনাথন ট্রটও। তবে পিটারসেনের ১৫১-র সঙ্গে এই দুজনের কার্যকর ইনিংসে ইংল্যান্ড প্রথম ইনিংসে পেয়েছে ১৮৫ রানের মহামূল্যবান লিড। টানা তৃতীয় ইনিংসে ৬ উইকেট পেয়েছেন রঙ্গনা হেরাথ, তবে ম্যাচ বাঁচানো নির্ভর করছে এখন লঙ্কান ব্যাটসম্যানদের ওপর। নাইটওয়াচম্যান ধাম্মিকা প্রসাদকে ওপেনিংয়ে নামিয়ে শেষ বিকেলে ১টি ওভার শ্রীলঙ্কা কাটিয়েছে নিরাপদেই।সকালে দ্বিতীয় নতুন বলে শ্রীলঙ্কাকে অপ্রত্যাশিতভাবে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন দিলশান কুককে ফিরিয়ে। কিন্তু পিটারসেনের কাছে পাত্তা পাননি কেউ। ৫৯ বলে ছুঁয়েছেন ফিফটি, ২০তম টেস্ট সেঞ্চুরি ১০৯ বলে। ওয়েবসাইট।