পিটারসেন প্রসঙ্গ এড়িয়ে গেলেন ব্রড

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কথা এলেই মনে পড়ে যায় কেভিন পিটারসেনের কথা। ২০১০ সালে ডানহাতি এই ব্যাটসম্যানের দুর্দান্ত পারফরম্যান্সই শিরোপা জিতিয়েছিল ইংল্যান্ডকে। আইসিসি আয়োজিত বড় কোনো প্রতিযোগিতার শিরোপা জিততে না পারার আক্ষেপ সেবারই ঘুচেছিল ইংল্যান্ডের। কিন্তু স্টুয়ার্ট ব্রড যেন মনেই করতে চান না পিটারসেনের কথা। বাংলাদেশে পা রাখার পর সাংবাদিকদের তোলা কেপি প্রসঙ্গটাও এড়িয়ে যাচ্ছেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক।
২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট-সেরা হওয়া পিটারসেন এর পর থেকেই দুঃসময়ের পাকে পড়তে থাকেন। দলে তাঁর আত্মনিবেদন নিয়ে প্রশ্ন ওঠে। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া কেপি ইংলিশ দলটাকেও খুব বেশি নিজের করে নিতে পেরেছেন কি না, এই প্রশ্নও উঠেছে বারবার। সর্বশেষ অ্যাশেজে ব্যর্থ হওয়ার পর ইংল্যান্ড দলে পিটারসেন-অধ্যায় এক রকম শেষই হয়ে গেছে।
কিন্তু এটাও তো সত্যি, মারকুটে পিটারসেন টি-টোয়েন্টি খেলাটার অন্যতম বড় তারকা। আইপিএলের দল দিল্লি ডেয়ারডেলিভস মাত্রই অধিনায়কও করেছে তাঁকে। সেই পিটারসেনকে ছাড়াই বিশ্বকাপ খেলতে আসাটা ইংল্যান্ডের জন্য তো ক্ষতিরই। স্বাভাবিকভাবেই সাংবাদিকেরাও এ নিয়ে প্রশ্ন করেছেন।
কিন্তু ব্রডের যে পিটারসেন নামটা উচ্চারণ করতেও আপত্তি, ‘অভিজ্ঞতার অভাব বড় কোনো সমস্যা না। আমাদের হয়তো টি-টোয়েন্টিতে অভিজ্ঞ খেলোয়াড় খুব বেশি নেই। কিন্তু এমন অনেকেই আছে, যারা অনেকগুলো টেস্ট, ওয়ানডে খেলেছে। মাইকেল ল্যাম্ব, ইয়ন মরগান, লুক রাইট বেশ কয়েক জায়গায় টি-টোয়েন্টি লিগ খেলেছে।’ পিটিআই।