পিটারসেন 'কোটি টাকার সম্পদ'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে ডাক পেয়েছেন কেভিন পিটারসেন।
আর পিটারসেনের প্রশংসায় পঞ্চমুখ ইংল্যান্ডের সীমিত ওভার ক্রিকেটের কোচ অ্যাশলি জাইলস।
এসব কি ‘শেষের’ সংশয়ে ঘুরপাক খাওয়া পিটারসেনের ক্যারিয়ার বেঁচে থাকারই ইঙ্গিত?
পারফরম্যান্স ও সামর্থ্য বিচারে সব সময়ই দলের সেরাদের একজন। বিতর্কিত কর্মকাণ্ড আর আচরণের কারণে বারবারই পিটারসেনের ক্যারিয়ার সংশয়ের আবর্তে পড়েছে। ইংল্যান্ডের ৩৩ বছর বয়সী ব্যাটসম্যানকে ঘিরে বিতর্ক উঠেছে আবারও।
অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৫-০-তে ধবলধোলাই হওয়ার পরপরই ব্রিটিশ গণমাধ্যমে গুঞ্জন ছড়ায়, কোচ ফ্লাওয়ার নাকি সরাসরিই বোর্ডকে বলে দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট দলে হয় পিটারসেন থাকবেন, নয়তো তিনি। যদিও ফ্লাওয়ার গণমাধ্যমের এই খবর অস্বীকার করেছেন। পিটারসেনও টুইটারে ইংল্যান্ডের হয়ে খেলে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। তাতেও গুঞ্জন থামেনি। বরং অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে না থাকাটা তাঁর ক্যারিয়ার ‘শেষ’-এর গুঞ্জন আরও উসকে দিয়েছে।
সেই পিটারসেন ডাক পেয়েছেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে। মার্চে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পরশু ৩০ সদস্যের প্রাথমিক দল দিয়েছে ইংল্যান্ড। সেখান থেকে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা হবে ফেব্রুয়ারির গোড়ায়। পিটারসেন চূড়ান্ত দলেও জায়গা পাবেন কি না, সেটা পরের বিষয়। তবে জাইলসের চোখে পিটারসেন ‘কোটি টাকার’ সম্পদ। পিটারসেনকে দলে রাখার ব্যাপারে পরিচালক ফ্লাওয়ারের সঙ্গে আলোচনা করা হয়েছে কি না—এমন প্রশ্নে জাইলস বললেন, ‘না, কেভিনকে বাদ দেওয়ার বিষয়ে কোনো কথা হয়নি। সে কোটি টাকার সম্পদ।’
ইংল্যান্ডকে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন পিটারসেন। কিন্তু নিষেধাজ্ঞার কারণে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি। গত দুই বছরে টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ১টি। গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটিও মাত্র দুই বল পরই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তার পরও পিটারসেনকে নিয়ে আত্মবিশ্বাসী জাইলস। এএফপি।