পিটারসেনকে আইসিসির তিরস্কার
ভারত সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ৩৯ বলে ৫৩ রানের ম্যাচজয়ী একটি ইনিংস খেলে ইংল্যান্ডকে ৬ উইকেটের জয় এনে দিয়েছিলেন কেভিন পিটারসেন। ডানহাতি এই ব্যাটসম্যানের দুর্দান্ত ব্যাটিংয়েই একটা জয় নিয়ে দেশে ফিরতে পেরেছে ইংলিশরা। তবে ম্যাচ শেষে অবশ্য আইসিসির সমালোচনার মুখে পড়তে হয়েছে পিটারসেনকে। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করায় তিরস্কার করা হয়েছে এই স্টাইলিশ ব্যাটসম্যানকে।গতকাল ইংল্যান্ড ইনিংসের ১০৬ রানের মাথায় সুরেশ রায়নার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন পিটারসেন। তবে আম্পায়ারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পিটারসেন। বেশ কিছুক্ষণ উইকেটে দাঁড়িয়ে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন তিনি। আজ শনিবার একটি বিবৃতির মাধ্যমে ম্যাচ রেফারি রোশান মাহানামা বলেছেন, ‘একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে পিটারসেনের জানা উচিত যে আম্পায়ার তাঁর আঙুল তুললে কী করা উচিত। সিদ্ধান্ত সম্পর্কে যে ধারণাই হোক না কেন, ব্যাটসম্যানকে অবশ্যই উইকেট ছেড়ে বেরিয়ে যেতে হবে। কিন্তু এ ক্ষেত্রে পিটারসেন নিশ্চিতভাবেই আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করেছেন।’ রয়টার্স।