পিটারসেনকে বাদ দেওয়া ভালো হয়েছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেছন থেকে কলকাঠি নাড়া ‘নায়ক’দের মধ্যে অ্যালিস্টার কুকের নাম জানা গেছে আগেই। কেভিন পিটারসেনের ক্যারিয়ার থামিয়ে দিতে যে ইংল্যান্ড দলের আরও অনেকেরই ইন্ধন ছিল, ধীরে ধীরে তা স্পষ্ট হতে শুরু করেছে। স্টুয়ার্ট ব্রডের প্রত্যক্ষ ভূমিকা ছিল কি না, তা জানা যায়নি। তবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক যা বললেন তাতে এটা স্পষ্ট, পিটারসেনকে ছুড়ে ফেলায় তিনি খুশি। ব্রড বলেছেন, পিটারসেনকে ছেঁটে ফেলাটা ইংল্যান্ডের জন্য মঙ্গলজনক।
সিডনিতে অ্যাশেজের শেষ টেস্টে অধিনায়ক কুকের সঙ্গে পিটারসেনের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল বলেই খবর। তার জেরেই অ্যাশেজের শোচনীয় ব্যর্থতার পর দলকে নতুনভাবে গড়ে তোলার ধুয়া তুলে পিটারসেনকে জাতীয় দল থেকে ছুড়ে ফেলেছে ইসিবি। ব্রডও স্বীকার করলেন ঝামেলা একটা হয়েছিল, ‘অস্ট্রেলিয়া সফরের শেষে ওই আলোচনার ব্যাপারটা আমি জানতাম। যদিও ব্যক্তিগতভাবে আমি তাতে যুক্ত ছিলাম না। তবে সিদ্ধান্তটি যারা নিয়েছে তারা ইংল্যান্ড ক্রিকেট দলকে হূদয় দিয়ে অনুভব করে এবং তারা দলের উন্নতি চায়।’ ইংল্যান্ড পেসারের দাবি, এ সিদ্ধান্তে ব্যক্তিগত দ্বন্দ্ব কোনো প্রভাব ফেলেনি। এএফপি, ওয়েবসাইট।