পিটারসেনকে সবাই ভুল বোঝে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিং-দর্শনের মতোই জীবনদর্শন। চলেন নিজের খেয়ালে, বলেন মনের কথাটাই। কে কী ভাবল, তাতে তাঁর বয়ে যায় সামান্যই! অনেকেই এ কারণে ঠিক পছন্দ করেন না কেভিন পিটারসেনকে। তবে এটিকেই আবার পিটারসেনের সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন এরিক সিমন্স। পিটারসেনের আইপিএল দল দিল্লি ডেয়ারডেভিলসের কোচের ধারণা, অনেকেই আসলে পিটারসেনকে বুঝতে পারেন না কিংবা ভুল বোঝেন!পিটারসেন ফিরেছেন পরিচিত আঙিনায়। শিগগিরই আবার তাঁকে দেখা যাবে ব্যাট হাতে, চ্যাম্পিয়নস লিগ ক্রিকেটে খেলবেন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। ১৩ অক্টোবর প্রথম ম্যাচে ডেয়ারডেভিলস মুখোমুখি হবে আইপিএল প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্সের। সাম্প্রতিক নানা ঘটনাপ্রবাহে স্বাভাবিকভাবেই সবার নজর পিটারসেনের দিকে। পিটারসেন কীভাবে মানিয়ে নেবেন বা পিটারসেনকে কীভাবে সামলাবে ডেয়ারডেভিলস, এ নিয়ে আগ্রহের শেষ নেই।তবে ডেয়ারডেভিলসের কোচ সিমন্স বলছেন, পিটারসেনকে সামলানো কঠিন কিছু নয়, ‘মানুষ হিসেবে ও যেমন, সেটাই কেপির সবচেয়ে বড় শক্তি। আইপিএলে ও ছিল আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ। লোকে জানে না, মাঠের বাইরে ও দলে কতটা অবদান রাখে। আমার মনে হয় না কেপিকে সামলানোর কিছু আছে। যতক্ষণ না আমাদের সব ক্রিকেটারের মনোযোগ একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে আছে, ততক্ষণ সবাই নিজের মতো থাকতে পারে। আমার মনে হয়, নানা পরিস্থিতিতে অনেক সময় কেপিকে লোকে ভুল বুঝেছে।’পিটারসেনের চ্যাম্পিয়ন্স লিগ-অধ্যায় কৌতূহল জাগাচ্ছে আরেকটি কারণেও। ডেয়ারডেভিলসে তাঁর সঙ্গে খেলবেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার মরনে মরকেলও। দক্ষিণ আফ্রিকার কয়েকজন ক্রিকেটারকে পিটারসেনের পাঠানো খুদে বার্তা নিয়ে কত কিছুই না হয়ে গেল গত কিছুদিনে! খুদে বার্তা বিতর্কে কদিন আগে আবার ঘি ঢেলেছেন ডেভিড কোলিয়ার। ইসিবি প্রধানের দাবি, পিটারসেনের মনোযোগ নাড়িয়ে দিতে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররাই বিতর্কটা উসকে দিয়েছেন। তবে সেটিকে আবার ‘পুরোপুরি’ ফালতু বলে নাকচ করে দিয়েছেন ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী জ্যাকস ফাউল। ওয়েবসাইট।