পিটারসেনে ইংলিশ-প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাথান লায়নকে আছড়ে ফেললেন মাঠের বাইরে। পরে করে ফেললেন সেঞ্চুরি,  অস্ট্রেলিয়ার জন্য বড় কাঁটা হয়ে থাকলেন পিটারসেনই ষ রয়টার্স
নাথান লায়নকে আছড়ে ফেললেন মাঠের বাইরে। পরে করে ফেললেন সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার জন্য বড় কাঁটা হয়ে থাকলেন পিটারসেনই ষ রয়টার্স

এই ইংল্যান্ড দলের সবচেয়ে ডাকাবুকো চরিত্র তিনি। তবে অ্যাশেজের মঞ্চ, এমন আবহ-পারিপার্শ্বিকতা নার্ভাস করে তুলল বুঝি কেভিন পিটারসেনকেও। প্রথম বলেই অমন একটা শটের ব্যাখ্যা আর কী হতে পারে! অফ স্টাম্পের বেশ বাইরের একটা লেংথ বলকে স্টিয়ার করতে গেলেন থার্ডম্যানে। এমন শট ওয়ানডেতেও প্রথম বলে খেলা ‘পাপ’।
অল্পের জন্য ব্যাটের কানা নিল না বল। বেঁচে গিয়ে আকাশের দিকে তাকালেন পিটারসেন, বিড়বিড় করে কী যেন বললেন নিজের মনেই। হয়তো ‘থিতু হও, শান্ত হও, ধৈর্য ধরো’—এসবই। এর পর থেকেই যে ব্যাটিংয়ে দারুণ মনঃসংযোগ! নিজের চিরচেনা দাপুটে কিছু শট যেমন খেলেছেন, তেমনি ফুটে উঠেছে দৃঢ়প্রতিজ্ঞাও। পিটারসেনের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ফলোঅন এড়ানোর স্বপ্ন দেখছে ইংল্যান্ড। দিন শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ২৯৪। ফলোঅন এড়াতে চাই আর ৩৪ রান।
উইকেট যথারীতি নিষ্প্রাণ, পেসারদের জন্য বলতে গেলে কিছুই নেই। স্পিনে টার্ন মিলেছে বটে, তবে খুব ভয়ংকর কিছু নয়। নাথান লায়ন বোলিং খারাপ করেননি, কিন্তু ওই টার্নের সুবিধা নিয়ে প্রতিপক্ষকে ক্ষতবিক্ষত করার মতো বিষদাঁত যে তাঁর নেই! উইকেট নেওয়ার কাজটি তাই করতে হয়েছে পেসারদেরই। ধৈর্য ধরে লাইন-লেংথ রাখার পুরস্কারই পেয়েছেন পেসাররা।
আগের দিন পেটের পীড়ার কারণে মাঠ ছাড়া রায়ান হ্যারিস কাল ফিরেছেন পূর্ণোদ্যমে। হ্যারিসেরই অফ স্টাম্পঘেঁষা এক বলে ফিরেছেন দারুণ ফর্মে থাকা জোনাথন ট্রট। আরেক পাশে উইকেটে পড়ে ছিলেন অ্যালিস্টার কুক। ১৩৮ বলে ফিফটি ছুঁয়ে এগিয়ে যাচ্ছিলেন ইংলিশ অধিনায়ক। ভাগ্যগুণে এই বাধাটা পেরোল অস্ট্রেলিয়া। লেগ স্টাম্পে থাকা মিচেল স্টার্কের বলটি কুকের ব্যাট ছুঁয়ে আসতেই সেটিকে দারুণ এক ক্যাচে পরিণত করলেন হাডিন।
ম্যাচের ইংল্যান্ডের সেরা সময়টা এর পরই। লাঞ্চের আগে আর উইকেট পড়তে দেননি পিটারসেন-বেল, পড়তে দেননি পরের পুরো সেশনেও। মাঝের সেশনে কোনো উইকেট না হারিয়ে ৯২ রান তোলেন দুজন। ৪২ থেকে লায়নকে টানা দুই ছয়ে পিটারসেন ফিফটি ছুঁয়েছেন ৭১ বলে। স্টার্ককে কাভার দিয়ে খেলা দারুণ এক শটে ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি ১৬৫ বলে। ১১৫ রানের জুটি গড়ে বেল ফিরে গেছেন অবশ্য এর আগেই। হন্তারক সেই হ্যারিস, স্কিড করে ভেতরে ঢোকা বলে বোল্ড বেল।
সেঞ্চুরির উদ্যাপনটা যেমন পরিমিত হলো, চোখে-মুখের যা ভাষা, মনে হচ্ছিল বড় কিছু না করে পিটারসেন থামছেন না! কিন্তু দুর্দান্ত বলে এলবিডব্লু করে তাঁকে ঠিকই থামিয়েছেন স্টার্ক। অবশ্য তার আগে বেয়ারস্টোর সঙ্গেও ৫২ রানের জুটি গড়েছেন পিটারসেন। ওয়েবসাইট।