পিটারসেনের আকস্মিক বিদায়ে বিস্মিত অ্যান্ডি ফ্লাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাত্ই যেন শেষ হয়ে গেল কেভিন পিটারসেনের বিশ্বকাপ। অনেক দিন ধরেই হার্নিয়ার সমস্যায় ভুগলেও ক্রিকেটের সবচেয়ে বড় এ আসরটার আগে পুরোপুরিই সুস্থ হয়ে উঠেছিলেন ইংল্যান্ডের এই স্টাইলিস্ট ব্যাটসম্যান। কিন্তু মাত্র দুই দিনের ব্যবধানে নতুন করে এই ইনজুরির কবলে পড়াটা অনেককেই অবাক করে দিয়েছে।ইংলিশ ক্রিকেট দলের মেডিকেল টিমও অবাক পিটারসেনের এ আকস্মিক অসুস্থতায়। হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জানিয়েছেন, পিটারসেনের হার্নিয়া সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এমন কোনো ইঙ্গিত তিনি মেডিকেল টিমের কাছ থেকে পাননি। এটা কি ইংলিশ ম্যানেজমেন্টের দুর্বলতা? ব্যাপারটিকে তেমন ভাবেই দেখতে চান ফ্লাওয়ার। ‘কেভিনের এই হার্নিয়া ইনজুরিটা বিপজ্জনক হয়ে উঠতে পারে এমন কোনো আভাস আমরা পাইনি। সে কোনো ঝুঁকি ছাড়াই খেলে যেতে পারবে বলে জানিয়েছিল আমাদের মেডিকেল দল। কিন্তু এখন হঠাত্ করে তার বিদায়টা, টিম ম্যানেজমেন্টের দুর্বলতাই ইঙ্গিত করে।’ কেভিন বলেছে, ‘তার ব্যথাটা খুব বেড়ে গেছে, সে এভাবে আর চালিয়ে যেতে পারবে না। কাজেই এখন তাকে বিশ্রাম দেওয়াই সহজ সমাধান।’ ফ্লাওয়ারের মন্তব্য।প্রশ্নটা উঠেছে, বিশ্বকাপের কথা চিন্তা করে পিটারসেন ব্যথা নিয়েও খেলা চালিয়ে যেতে পারতেন কি না। তবে ফ্লাওয়ার মনে করেন, ‘আসলে যে ইনজুরিতে পড়ে সেই কেবল সেটা বলতে পারে। বাইরে থেকে এ ব্যাপারে মন্তব্য করা যায় না। যেহেতু পিটারসেন বলছে যে সে খেলতে পারবে না, তাই এখন আমাদের তাঁর কথাই মেনে নিতে হবে।’তবে কেভিন পিটারসেনের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া ইংল্যান্ডের জন্য বিরাট ক্ষতি হিসেবে অভিহিত করেছেন ফ্লাওয়ার। ‘এটা বিশাল ক্ষতি। কেভিন সত্যিই একজন বিশ্বমানের ক্রিকেটার।’আগামী সপ্তাহেই চিকিত্সকের ছুরি-কাঁচির নিচে যেতে হবে পিটারসেনকে। আর এর ফলে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে তাঁকে। নতুন করে এই ইনজুরির কবলে পড়ার ঘটনাটা আবার পিটারসেনের অবসরের কানা-ঘুষাকেই সামনে নিয়ে আসবে, এতে কোনো সন্দেহ নেই। অবশ্য পিটারসেন নিজে অবসরসংক্রান্ত সব কথাবার্তা উড়িয়ে দিয়েছেন। কোচ অ্যান্ডি ফ্লাওয়ারও বলেছেন, ‘কেভিন আমাকে বলেছে, সে আরও কিছুদিন একদিনের ক্রিকেট খেলে যেতে চায়। আর আমি অবশ্যই তার কথাকেই বেশি গুরুত্ব দেব।’ দ্য টেলিগ্রাফ।