পিটারসেনের আরেক জ্বালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেকে ছাড়া কাউকে দোষ দিতে পারেন না কেভিন পিটারসেন। কোচ পিটার মুরসের সঙ্গে ঝামেলা প্রকাশ্যে এনে হারিয়েছিলেন অধিনায়কত্ব। ব্যাটে রানের ফোয়ারা থেমে যাওয়ায় এবার বাদ পড়লেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে। বাদ পড়ে আপত্তিকর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে এবার পিটারসেন মুখোমুখি হচ্ছেন তদন্তের।সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছেন ২০০৯ সালের মার্চ মাসে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তার পর থেকে ১৬ টেস্টে ৬টি ফিফটি করলেও বিশেষ সমালোচনা হচ্ছে রান করায় পিটারসেনের অসচ্ছন্দ ভঙ্গি নিয়ে। এ বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছিলেন পিটারসেন। কিন্তু ওয়ানডেতেও দারুণ রান-খরা। ওয়ানডেতে সর্বশেষ ৫০ পার হওয়া ইনিংসটা খেলেছেন ২০০৮ সালের নভেম্বরে, ভারতের বিপক্ষে।এই রান-খরার ‘পুরস্কার’ হিসেবেই পিটারসেন বাদ পড়েছেন পাকিস্তানের বিপক্ষে দুই টি-টোয়েন্টি ও পাঁচ ওয়ানডের দল থেকে। স্পট ফিক্সিংয়ের মেঘ আকাশে রেখেই আগামী ৫ ও ৭ সেপ্টেম্বর কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপর ৫টি ওয়ানডে হবে ১০, ১২, ১৭, ২০ ও ২২ সেপ্টেম্বর।এই দল থেকে বাদ পড়ার খবর ইসিবি আনুষ্ঠানিকভাবে জানানোর আগেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ‘টুইটার’-এ জানিয়ে দেন পিটারসেন। শুধু এই খবর ফাঁস করাই নয়। তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছিলেন পিটারসেন, ‘এই গ্রীষ্মের জন্য আমি শেষ হয়ে গেছি! টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়েছে।’ এরপরই ইংরেজি চার হরফের এক অশ্লীল গালি জুড়ে দিয়েছিলেন পিটারসেন। এটি জেনেই ইসিবির মুখপাত্র বলেছেন, পুরো ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দল থেকে বাদ পড়ে পিটারসেনের তীব্র প্রতিক্রিয়ায় হতাশ হয়েছেন ইংল্যান্ডের নির্বাচক জিওফ মিলার, ‘আমি এ ধরনের ভাষা পছন্দ করি না, নিজে ব্যবহার করি না এবং ব্যবহারের প্রয়োজনও বোধ করি না। তার পরও আমি কেপির সঙ্গে কথা বলব। দেখি, ও ক্ষমা চায় কি না।’‘কেপি’ এখনো ক্ষমা চাননি। তবে সুর নরম করেছেন, ‘আমি আসলে বাদ পড়ায় খুবই হতাশ হয়ে পড়েছিলাম। তবে বাদ পড়ার কারণটা এখন বুঝতে পারছি।’ পিটারসেন সুর নরম করলেও তাঁর বাদ পড়ায় চটেছেন সাবেক পেসার ড্যারেন গফ।গফ বুঝতে পারছেন না পাকিস্তানের বিপক্ষেই যেখানে ফর্মে ফেরার সুযোগ ছিল পিটারসেনের; তখন তাঁকে কেন বাদ দেওয়া হলো। গফ অস্ট্রেলিয়ার উদাহরণ দিয়ে বলছেন, ‘মাইক হাসি যখন রানের জন্য লড়ছিল, তখন তো তাকে বাদ দিতে দেখিনি! মাইকেল ক্লার্কের খারাপ সময়ও তো তাকে বাদ দেওয়া হয়নি। ওরা তাদের দলে রেখেছিল, কারণ এরা অন্য জাতের খেলোয়াড়।’ এএফপি।