পিটারসেনের কণ্ঠে উল্টো সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। গত সোমবার ইঙ্গিত দিয়েছেন, লর্ডসে ১৬ আগস্ট শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটাই হতে পারে তাঁর শেষ টেস্ট। লর্ডস টেস্ট শেষেই অনেক গুমর ফাঁস করে দেওয়ার হুমকিও দেন তিনি। তবে এক সপ্তাহ যেতে না-যেতেই পাল্টে গেছে কেভিন পিটারসেনের সুর।পিটারসেন এক সাক্ষাত্কারে জানিয়েছেন, টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন না তিনি। ইংল্যান্ডের হয়ে সব ধরনের ক্রিকেট খেলতেই তিনি প্রস্তুত। কিন্তু কেন এই সিদ্ধান্ত পরিবর্তন? পিটারসেন জানান, এর কারণ দেশের হয়ে খেলার প্রতি তাঁর ভালোবাসা। সাক্ষাত্কারটি সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে।‘কোথাও যাচ্ছি না। ইংল্যান্ডের হয়ে সব ধরনের ক্রিকেট খেলতে প্রতিশ্রুতিবদ্ধ আমি। কারণ, আমি দেশের হয়ে খেলতে ভালোবাসি। সফল ইংল্যান্ড দলের অংশ হয়ে থাকতে ভালোবাসি।’ বলেছেন ৩২ বছর বয়সী পিটারসেন।টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর আগের সিদ্ধান্ত থেকে সরে এসে পিটারসেন বলেন, ‘ক্যারিয়ার শেষ করে দেওয়াটা হবে দুঃখজনক। আমার পরিবার, উপদেষ্টা, ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বসে এই সিদ্ধান্ত নিয়েছি আমি।’হেডিংলি টেস্টে গত সোমবার ড্র করে ইংল্যান্ড। এ টেস্টে পিটারসেন খেলেন ১৪৯ রানের অনবদ্য এক ইনিংস। বল হাতেও শিকার করেন তিনটি উইকেট। হেডিংলি টেস্টের সেরা খেলোয়াড়ও তিনি। ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পিটারসেন বলেন, ‘পরবর্তী টেস্ট যে আমার শেষ টেস্ট হবে, এটা উড়িয়ে দিতে পারছি না।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর আগেই পিটারসেনের অবসর নিয়ে গুঞ্জন ছিল। বলা হচ্ছিল, ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) পুরো সময় দিতেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে অন্য কথা বলেন পিটারসেন, ‘আরও অনেক ইস্যু রয়েছে। এটা শতভাগ অর্থের সঙ্গে জড়িত নয়। সবাই সবকিছু জানতে পারবেন, তবে আজ রাতে নয়, পরবর্তী টেস্টের পরই সবকিছু পরিষ্কার বুঝতে পারবেন আপনারা।’ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নীতিমালা অনুযায়ী, কোনো ক্রিকেটার সীমিত ওভারের একটি ফরম্যাট থেকে অবসর নিলে অন্য ফরম্যাটের জন্য ওই ক্রিকেটারকে বিবেচনা করা হয় না। তাই পিটারসেনের জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে খেলার পথ আপাতত বন্ধ। তবে দেশের হয়ে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন তিনি। বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে ইসিবির সঙ্গে ‘সমঝোতামূলক’ বৈঠকও করেছিলেন পিটারসেন। কিন্তু ওই বৈঠকের কথা গণমাধ্যমে ফাঁস হয়ে যায়।ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পিটারসেন বলেন, ‘আমাকে দোষারোপ করা হয়েছে। ইসিবির সঙ্গে বৈঠকের কথা কি গণমাধ্যমে আমি ফাঁস করেছিলাম? কোনো সাংবাদিকের সঙ্গে একটা কথাও বলিনি। আলোচনা যা হয়েছে, সেটা বদ্ধঘরে। আমি সেটা বদ্ধঘরই ভেবেছিলাম।’পিটারসেন জানিয়েছিলেন, তাঁর টেস্ট ক্যারিয়ারের ইতি ঘটলে সেটা হবে ‘বড় লজ্জা’র। তিনি বলেন, ‘ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে আমি পছন্দ করি। দর্শকেরা আমার খেলা দেখতে ভালোবাসেন। আমিও ইংল্যান্ডের হয়ে খেলতে ভালোবাসি। কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে রাজনীতির মুখোমুখি হতে হচ্ছে। এভাবে ইংল্যান্ডের হয়ে খেলা আমার জন্য কঠিন।’ সূত্র: বিবিসি, ইয়াহু।