পিটারসেনের চোট নিয়ে ভয় ইংল্যান্ডের
অ্যাশেজ যত ঘনিয়ে আসছে, ইংল্যান্ডের চোটশঙ্কাও তত বাড়ছে। উইকেটকিপার-ব্যাটসম্যান ম্যাট প্রায়র চোট পেয়েছেন আগেই। চোট তালিকায় এবার যোগ হলো কেভিন পিটারসেনের নাম। ইংল্যান্ডের কোচ অ্যান্ডি ফ্লাওয়ারই বলেছেন, পিটারসেনকে হয়তো কর্টিসন ইনজেকশন নিতে হবে।
তবে ইংল্যান্ড কোচ আত্মবিশ্বাসী, ২১ নভেম্বর থেকে ব্রিসবেনে শুরু প্রথম টেস্টের আগে ঠিকই সুস্থ হয়ে উঠবেন পিটারসেন। এমনকি ফ্লাওয়ার আশাবাদী, সুস্থ হয়ে পিটারসেন খেলতে পারেন বুধবার থেকে শুরু সিডনির শেষ প্রস্তুতি ম্যাচেও। যদিও দলের সঙ্গে সিডনি নয়, হাঁটুর স্ক্যান করাতে পিটারসেন উড়ে গেছেন মেলবোর্নে।
তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হলেও ফ্লাওয়ার বলেছেন, চোটটা তেমন গুরুতর নয়, ‘আমি মনে করি না, এটা বড় কোনো ঘটনা। সে এর আগেও এই ইনজেকশন একাধিকবার নিয়েছে এবং তাতে সাফল্যও পেয়েছে।’ টুইটারে পিটারসেনও জানিয়েছেন, ‘আমি ভালো আছি।’
কিন্তু ফ্লাওয়ার-পিটারসেনের এসব প্রত্যাশা কি অ্যালিস্টার কুককে সত্যিই শঙ্কামুক্ত রাখতে পারছে? সর্বশেষ তিনটি অ্যাশেজেই জিতেছে ইংল্যান্ড। তাতে ব্যাট হাতে পিটারসেনের ছিল বিশাল অবদান। আরেকটি অ্যাশেজের দরজায় দাঁড়িয়ে সেই পিটারসেনকে হারানোর ভয়টা ইংলিশ অধিনায়ককে তাড়িয়ে বেড়ানোরই কথা।
ইংলিশদের ভয়টা আরও বাড়িয়ে দিয়ে থাকবে পিটারসেন পুরোনো ক্ষতেই নতুন করে চোট পেয়েছেন বলে। পিটারসেন হাঁটুতে প্রথম চোট পান এ বছরই মার্চে নিউজিল্যান্ড সফরে। যে চোটের কারণে মে মাসে নিউজিল্যান্ডের সঙ্গে ঘরের মাটির ফিরতি সিরিজে খেলতে পারেননি। খেলতে পারেননি ঘরের মাটির চ্যাম্পিয়নস ট্রফিতেও। তবে জুলাই-আগস্টের অ্যাশেজে ঠিকই খেলেছেন। আসন্ন অ্যাশেজের জন্যও নিজেকে প্রস্তুত করছিলেন ঠিকঠাকভাবেই। খেলেছেন গত পরশু শেষ হওয়া অস্ট্রেলিয়ার এ দলের বিপক্ষে চার দিনের ম্যাচেও। হোবার্টের এই ম্যাচটি খেলতে নেমেই হাঁটুতে নতুন করে চোটটা বাধিয়েছেন। এএফপি।