পিটারসেনের প্রাধান্য টেস্টকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজুরির কারণে এবারের আইপিএলে অংশ নিতে পারেননি কেভিন পিটারসেন। আগামী জুন মাসে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলবেন না এই মারকুটে ব্যাটসম্যান। আপাতত টি-টোয়েন্টি আর সীমিত ওভারের ক্রিকেট মাথা থেকে ঝেড়ে ফেলে এই মুহূর্তে নিজের টেস্ট ক্যারিয়ারটা সমৃদ্ধ করার দিকেই মনোযোগ দিচ্ছেন কেপি। টেস্ট ক্রিকেটের দশ হাজারি ক্লাবের গর্বিত সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান বলে জানিয়েছেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার। এখন পর্যন্ত ৯৪টি টেস্ট খেলে ৫০ গড়ে সাত হাজার ৪৯৯ রান করেছেন পিটারসেন। ১০ হাজার রান পূর্ণ করতে আরও আড়াই হাজার রান করতে হবে এই ডানহাতি ব্যাটসম্যানকে। লক্ষ্যটা পূরণ করতে পারবেন বলেই আশাবাদী ৩২ বছর বয়সী পিটারসেন। তিনি বলেন, ‘আমি টেস্ট ক্রিকেটে অন্তত ১০ হাজার রান করতে চাই। এখন আমি লক্ষ্য থেকে আড়াই হাজার রান দূরে আছি। আশা করছি, আমি এই লক্ষ্যে পৌঁছাতে পারব।’ আগামী জুলাই মাসে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজেই হয়তো লক্ষ্যপূরণের পথে বেশ খানিকটা এগিয়ে যেতে পারবেন পিটারসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে মর্যাদার এই লড়াইয়েই নিজেকে প্রমাণ করতে চান তিনি। সে জন্য চ্যাম্পিয়নস ট্রফিতেও অংশ নেবেন না বলে জানিয়েছেন এই ইংলিশ ক্রিকেটার। তিনি বলেছেন, ‘আমি ইনজুরি কাটিয়ে সুস্থ হওয়ার পথে অনেকখানিই এগিয়েছি। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে চাই না। অ্যাশেজ শুরু হওয়ার আগেই আমি মাঠে ফেরার জন্য প্রস্তুত হতে পারব।’ আগামী ১০ জুলাই ইংল্যান্ডে শুরু হবে এবারের অ্যাশেজ সিরিজ। টাইমস নিউজ নেটওয়ার্ক।