পিটারসেনের বোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের ভেতরে ঝড় তুলেছেন পারফরম্যান্সে। হেডিংলি টেস্টে ব্যাট হাতে খেলেছেন অসাধারণ এক ইনিংস, বল হাতে ক্যারিয়ার-সেরা বোলিং। তবে কেভিন পিটারসেন এর চেয়েও বড় ঝড় তুললেন মাঠের বাইরে। ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে ফাটালেন বোমা। আন্তর্জাতিক ওয়ানডে ছেড়েছেন অতি ক্রিকেটের চাপে, টি-টোয়েন্টি বোর্ডের নিয়মের কারণে বাধ্য হয়ে। এবার টেস্ট ক্রিকেটেও শেষ হয়ে আসছে পিটারসেন অধ্যায়! ইসিবি আর ইংল্যান্ডের ড্রেসিং রুমের কয়েকজনের সঙ্গে দ্বন্দ্বটা চরম রূপ ধারণ করায় দেশের হয়ে আর খেলতেই চান না পিটারসেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট খেলার পর জানাবেন চূড়ান্ত সিদ্ধান্ত। তবে বোর্ডের ওপর যেভাবে ক্ষোভ ঝেড়েছেন, তাতে আগামী টেস্টে পিটারসেনকে দেখা না গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ইংল্যান্ডের পোশাকে শেষ খেলা হয়তো খেলে ফেলেছেন পিটারসেন। হেডিংলি টেস্টই হয়তো হয়ে থাকবে বিতর্কিত কিন্তু বিনোদনদায়ী এক অধ্যায়ের শেষ।দেশের হয়ে খেলার ইচ্ছা নাকি এখনো তীব্র। পিটারসেনের দাবি, বাধ্য হয়েই নিতে হচ্ছে কঠিন সিদ্ধান্ত, ‘আমি নিশ্চিত করতে পারছি না যে, পরের টেস্টই আমার শেষ নয়। আমার খেলে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু অনেক বাধা আছে যেগুলো দূর করা প্রয়োজন। ড্রেসিং রুমেও বেশকিছু সমস্যার সঙ্গে লড়তে হচ্ছে আমাকে। সত্যিই টেস্ট ছাড়তে হলে সেটা হবে খুবই হতাশাজনক। ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে আমি ভালোবাসি, কিন্তু ভেবে দেখতে হবে খেলব কি না। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, লোকে আমার খেলা দেখতে চায় আর আমিও ইংল্যান্ডের হয়ে খেলতে ভালোবাসি। কিন্তু..।’বোর্ড আর পিটারসেনের মাঝে কিছু দিন ধরে চলে আসা টানাপোড়েনের বিস্ফোরণ বলা যায় এ ঘটনাকে। অতিরিক্ত ক্রিকেটের চাপে ওয়ানডে ছাড়ার সময় বোর্ডকে একহাত নিয়েছিলেন পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ায়। টি-টোয়েন্টি খেলে যাওয়ার ইচ্ছার কথা বারবার বলেছেন, কিন্তু বোর্ডের নীতির কারণে টি-টোয়েন্টিতেও আর বিবেচনা করা হয় না তাঁকে। কয়েক দিন আগে কিছু দাবি-দাওয়া নিয়ে বোর্ড কর্তাদের সঙ্গে দেখা করেছিলেন পিটারসেন। বলেছিলেন ওয়ানডেতে ফিরতে চান, তবে খেলবেন বেছে বেছে। চেয়েছিলেন পরিবারের সঙ্গে যথেষ্ট সময় কাটানোর সময় আর আইপিএলের জন্য ছুটি। তবে ‘সবার জন্য একই নীতি’—এই যুক্তিতে সেই চাওয়াতে কান দেয়নি বোর্ড। তবে পিটারসেনের দাবি, শুধু এসব ইচ্ছা অপূর্ণ থাকাই অবসর ভাবনার কারণ নয়। আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারে মীমাংসা প্রয়োজন, ‘এটা মোটেও আইপিএল বা অর্থের কারণে নয়। অর্থ এখন কোনো ইস্যুই নয়। ব্যক্তিগতভাবে যে রাজনীতির সঙ্গে লড়াই করতে হচ্ছে আমাকে, তাতে ইংল্যান্ডের হয়ে খেলা মুশকিল।’ প্রতিনিয়ত চাপের জন্য কাঠগড়ায় দাঁড় করালেন সংবাদমাধ্যমকেও, ‘সব সময়ই আমাকে অণুবিক্ষণ যন্ত্রের নিচে রাখা হয়েছে। প্রতিদিনই আমাকে নিয়ে নানা রকম কথা, নানা অনুমান। প্রতিটি দিনই আপনারা আমাকে নিয়ে পড়ে থেকেছেন। এ জন্যই এমন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, যা আমাকে খুশি করবে।’পিটারসেনের আরেকটা ক্ষোভের জায়গা, বোর্ডের সঙ্গে তাঁর আলোচনা সবই সংবাদমাধ্যমে চলে এসেছে। যেটার দায় দিয়েছেন বোর্ডকে। ফিরে গেছেন একটু পেছনেও। সাবেক কোচ পিটার মুরসের সঙ্গে দ্বন্দ্বে অধিনায়কত্ব হারানোর সময় পর্দার আড়ালের সব ঘটনা প্রকাশ্যে চলে আসার দায়ও দিয়েছেন বোর্ডকে।পিটারসেনের পরই সংবাদ সম্মেলনে এসেছিলেন অ্যান্ড্রু স্ট্রাউস। পিটারসেনকে নিয়ে কথা বলতে রাজি হননি ইংলিশ অধিনায়ক। তবে বিরক্তিটাও লুকাননি, ‘একটা ব্যাপার পরিষ্কার করে দিতে চাই, তিন বছর ধরে দলের ঐক্য অসাধারণ এবং এটা নিয়ে আমরা গর্ব করি। আশা করি, গুরুত্বপর্ণ একটা টেস্টের আগে পিটারসেনের এই ঘটনায় আমাদের মনোযোগ ব্যাহত হবে না। আমি এখানে পিটারসেনকে নিয়ে বলতে আসিনি। এই মুহূর্তে এসব বলতেও চাই না।’ ওয়েবসাইট।