পিটারসেনের ব্যাপারে ইসিবির ব্যাখ্যা

২০১৫ সাল পর্যন্ত সব ধরনের ক্রিকেট খেলে যাওয়ার ইচ্ছাই ছিল কেভিন পিটারসেনের। কিন্তু আকস্মিকভাবেই ইংল্যান্ডের ক্রিকেট অঙ্গন থেকে সরিয়ে দেওয়া হলো এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে। অনেকেই বলছেন, অস্ট্রেলিয়া সফরে লজ্জাজনক ভরাডুবির পর বলির পাঁঠা বানানো হয়েছে পিটারসেনকে। যদিও অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি রান এসেছিল এই পিটারসেনেরই ব্যাট থেকে। তুমুল সমালোচনাও চলছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে। সবকিছুর জবাব দেওয়ার জন্য এবার একটি বিবৃতি দিয়েছে ইসিবি। দলের সবার মধ্যে বিশ্বাসযোগ্য সম্পর্ক স্থাপনের জন্যই পিটারসেনকে বাদ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ইসিবির এই বিবৃতিতে।
২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ১০৪টি টেস্ট খেলে ৮১৮১ রান করেছেন পিটারসেন। টেস্টে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় তাঁর নামটা আছে চতুর্থ স্থানে। আর সব ধরনের ক্রিকেট মিলিয়ে ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি রান এসেছে পিটারসেনেরই ব্যাট থেকে। আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের বেশ কিছু সাফল্যের অন্যতম প্রধান কারিগরও এই ডানহাতি ব্যাটসম্যান। ২০০৫ সালে অভিষেক টেস্ট সিরিজেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন কেপি। সেবারই ১৮ বছর পর অ্যাশেজ জয়ের স্বাদ পেয়েছিল ইংলিশরা। ২০১০ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পেছনেও প্রধান অবদান ছিল পিটারসেনের। সেবার তাঁর হাতেই উঠেছিল টুর্নামেন্ট সেরার পুরস্কার। তবে অ্যাশেজ ভরাডুবির পর দলে ছন্দ ফিরিয়ে আনতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড শুধু খেলোয়াড়ি সক্ষমতা নয়, জোর দিয়েছে শৃঙ্খলার ওপর। আর এই বিবেচনাতেই হয়তো বাদ পড়েছেন পিটারসেন। ইসিবির বিবৃতিটি থেকেও এমন ইঙ্গিতই পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশের পর নতুন করে দল গঠনের প্রয়োজন ছিল। আর এটা করার জন্য আমাদের অধিনায়ক অ্যালিস্টার কুকের ওপর ভরসা করতে হবে। তাঁকে সমর্থন দিতে হবে। এমন একটা সংস্কৃতি তৈরি করতে হবে যেন তিনি সব খেলোয়াড়ের সমর্থন পান। দলের সবার মধ্যে যেন বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি করা যায়। এসব কারণেই আমরা পিটারসেনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
দলের মধ্যে বিভাজন সৃষ্টির অভিযোগ এর আগেও এসেছিল পিটারসেনের বিরুদ্ধে। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছে মুঠোফোন বার্তা পাঠিয়ে সমালোচিত হয়েছিলেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ইঙ্গিতও যে পিটারসেনের এরকম আচরণের বিরুদ্ধে, সেটা সহজেই অনুমান করা যায়। রয়টার্স