পিটারসেনের ভাগ্য অনিশ্চিত
কেভিন পিটারসেন উপাখ্যানে আরেকটি নাটকীয় মোড়। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের কাছে ইংল্যান্ডের কোচ ও অধিনায়ককে নিয়ে অবমাননাকর খুদে বার্তা পাঠানোর জন্য বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন পিটারসেন। ক্যারিয়ার বাঁচাতে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মরিয়া পিটারসেনের সামনে ক্ষমা চাওয়া ছাড়া উপায় ছিল না। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্ভবত খেলা হচ্ছেই না। ইসিবি জানিয়েছে, আরও বিশদ আলোচনা ও তদন্তের পরই পিটারসেনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসও বলেছেন একই কথা।পিটারসেনের আন্তর্জাতিক ক্যারিয়ার তাই এখন বড় প্রশ্নের মুখে। শৃঙ্খলা ভঙ্গের দায় তো মাথায় চাপছেই, কোচ ও অধিনায়ককে নিয়ে বাজে মন্তব্যের কারণে বড় অঙ্কের জরিমানা অথবা নিষেধাজ্ঞা কিংবা দুটিই হয়তো জুটছে। যে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মরিয়া হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন, সেটাতে খেলা হচ্ছে না প্রায় নিশ্চিত করেই বলা যায়। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় যে আগামী পরশু!ইসিবির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই সম্ভবত হতে যাচ্ছে পিটারসেন-নাটকের যবনিকা, যে নাটকের শুরু মাস তিনেক আগে। বোর্ডের সঙ্গে তাঁর টানাপোড়েনের শুরু ২০০৮ সালে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পর থেকেই। গত ৩১ মে ক্রিকেটের অতিরিক্ত চাপকে দায় দিয়ে আচমকাই ওয়ানডে থেকে অবসর নেন। টি-টোয়েন্টি খেলে যেতে চাইলেও সম্ভব হয়নি বোর্ডের নীতির কারণে। এ নিয়ে বারবারই প্রকাশ্যে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বোর্ডকে। জুলাইয়ের মাঝামাঝি আবার আচমকাই ইউটার্ন নিয়ে জানালেন ওয়ানডেতে ফিরলেও ফিরতে পারেন। বেছে বেছে আন্তর্জাতিক ম্যাচ খেলা, পুরো আইপিএল খেলতে দেওয়াসহ বেশ কিছু দাবি নিয়ে দেখাও করলেন বোর্ড কর্তাদের সঙ্গে।‘সবাইকে মাপা হবে এক পাল্লায়’—যুক্তি দেখিয়ে পিটারসেনের দাবিদাওয়া নাকচ করে দেয় ইসিবি। এর পরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেডিংলি টেস্টে ক্যারিয়ারের অন্যতম সেরা এক ইনিংস খেলেন, বল হাতে ক্যারিয়ার-সেরা বোলিং। ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে ফাটিয়ে দেন বোমা। জানিয়ে দেন, বোর্ডের প্রতিশ্রুতি ভঙ্গ ও ইংল্যান্ড ড্রেসিংরুমটা অসহনীয় হয়ে পড়ায় আন্তর্জাতিক ক্রিকেটই ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষেই সিদ্ধান্ত নেবেন বলে জানান। ক্ষুব্ধ বোর্ড আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে শোনা যাচ্ছিল, পিটারসেনকে আর দলেই নেওয়া হবে না।এর মধ্যেই একটি টুইটার অ্যাকাউন্টকে ঘিরে আরও জটিল হয় পরিস্থিতি। পিটারসেনের নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে আপত্তিকর সব টুইট হতে থাকে। পিটারসেন আকারে-ইঙ্গিতে এটার দায় দেন সতীর্থদের। সাবেক দুই নটিংহ্যামশায়ার সতীর্থ স্টুয়ার্ট ব্রড ও অ্যালেক্স হেলসের দিকে যায় সন্দেহের তির। অনেক অনুসন্ধানের পর জানা গেছে, অ্যাকাউন্টটি খুলেছিলেন রিচার্ড বেইলি নামের একজন, যে আবার ব্রড ও হেলসের বন্ধু। নিজের দোষ স্বীকার করে বেইলি অ্যাকাউন্ট বিলুপ্ত করে ক্ষমা চান। এটির পেছনে ব্রড-হেলসের কোনো হাত নেই বলেও জানান বেইলি।এর মধ্যেই কাহিনিতে আরেকটি নাটকীয় মোড়। যুদ্ধের দামামা বাজানো পিটারসেন হঠাৎই উড়িয়ে দেন শান্তির পাতা। ইউটিউবে একটি ভিডিও পোস্ট করে জানান, সব ধরনের অবসর থেকে বেরিয়ে এসেছেন, তুলে নিয়েছেন সব শর্ত। ইংল্যান্ডের প্রতি তিনি পুরো নিবেদিত এবং খেলতে চান সব সংস্করণেই। কিন্তু তার পরও তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণার সময় পিছিয়ে দেওয়া হয়। দল ঘোষণার পর উন্মোচিত হয় আরেক ঘটনা। পিটারসেনকে বাদ দেওয়া হয় অধিনায়ক ও কোচকে নিয়ে প্রতিপক্ষের কয়েকজনের কাছে অবমাননাকর খুদে বার্তা পাঠানোয়। পিটারসেন তখন অভিযোগ স্বীকার-অস্বীকার কিছুই করেননি। তবে বোর্ডের শক্ত অবস্থান বুঝতে পেরে শেষ পর্যন্ত দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন। দেখা যাক, এখন কী অপেক্ষা করছে পিটারসেনের ভাগ্যে। ওয়েবসাইট।