পিটারসেনের যুগল আনন্দ
ইংলিশ ক্রিকেটারদের সংবাদ সম্মেলনে সচরাচর ভাবগম্ভীর পরিবেশ থাকে। পরশু ব্যতিক্রম। হাসির ফোয়ারা বইয়ে দিলেন কলিংউড-পিটারসেন। সংবাদ সম্মেলনের উদ্বোধনই হলো দুজনের কানাকানির পর হাসি দিয়ে!সেমিফাইনালে ওঠার আনন্দ? অস্ট্রেলিয়া এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি। ইংল্যান্ড জেতেনি কোনো বিশ্বকাপই। চ্যাম্পিয়নস ট্রফিও না। গত পরশু দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই ইংল্যান্ডই এই বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল সবার আগে। কলিংউড-পিটারসেনের হাসারই কথা।এত নিশ্চিত করে বলে দেওয়া কি ঠিক হলো? সেন্ট লুসিয়ায় আজকের দুই ম্যাচের পর তো গ্রুপে তিনটি দলের পয়েন্ট সমানও হয়ে যেতে পারে। তার পরও ইংল্যান্ড এমন নিশ্চিন্ত, কারণ তা হলেও সমস্যা হওয়ার কথা নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশাল ব্যবধানে না হারলেই হলো। কেভিন পিটারসেন তো নিশ্চিন্তেই বলে দিলেন, ‘সেমিফাইনালের আগের দিন আবার ফিরে আসছি।’ ফিরে আসছি মানে? যাচ্ছেন কোথায়? কলিংউড-পিটারসেন আসার আগেই ইংল্যান্ডের মিডিয়া ম্যানেজার জানিয়ে গেছেন তা। ইংল্যান্ড থেকে খবর এসেছে। পিটারসেন ফিরে যাচ্ছেন স্ত্রী জেসিকার কাছে। প্রথম সন্তানের মুখ দেখতে। বিশ্বকাপে আসার আগেই ঠিক করা ছিল সব। পিটারসেন শুরু থেকেই বলে আসছেন, যেকোনো সময় ফিরে যেতে পারেন। শুধু একটা টেলিফোনের অপেক্ষা। সেই টেলিফোনটা এসেছে এই ম্যাচের আগে। বাবা হওয়ার আনন্দের আগাম উদ্যাপন যেন পিটারসেনের ওই ৩৩ বলে ৫৩। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে ছিল ৭৩। টানা দুই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ। ব্যাটিংয়ের ধরনেও অনেক দিন পর কেপিকে আবার কেপি মনে হচ্ছে!পাকিস্তান-ম্যাচের পর সংবাদ সম্মেলনে খুব আড়ষ্ট লাগছিল। মুখ হাসি নেই, এক লাইনে উত্তর। আর এ দিন যেন প্রশ্নোত্তরের বদলে সাংবাদিকদের সঙ্গে আড্ডা! সে দিন বলছিলেন, ফিরে যাওয়ার প্লেনে ওঠার মুহূর্তটা হবে ‘টেরিবল’। আর এ দিন বললেন, ‘আমি খুব খুশি। রোমাঞ্চিত।’ কখন ফিরে যেতে হয়, সেই টেনশন শেষ হয়েছে। এর আগে দলকে তুলে দিয়ে যাচ্ছেন সেমিফাইনালে—রোমাঞ্চিত হওয়ারই কথা।কলিংউড তো সরাসরিই স্বীকৃতি দিলেন, ‘ওর পারফরম্যান্সই আমাদের সেমিফাইনালে তুলেছে।’ যখন বলছেন, প্রথম সন্তানের অনুভূতিটা তাঁর জানা, পিটারসেনের হাসিটা আরও বড় হলো। কিছুক্ষণ পর পিটারসেন যখন খুশি আর রোমাঞ্চের কথা বলছেন, কলিংউড ব্যস্ত বাচ্চাদের কান্নার আওয়াজ নকল করার চেষ্টায়!মাঠে দক্ষিণ আফ্রিকান বোলারদের কাঁদিয়েছে কিসওয়েটার-পিটারসেনের ৯৪ রানের জুটি। পঞ্চম বলে প্রথম উইকেট পড়ার পর দুজন একসঙ্গে। বিচ্ছিন্ন হওয়ার সময় দ্বাদশ ওভারে স্কোরবোর্ডে ৯৮। গ্রায়েম স্মিথ অবশ্য নিজেদেরই দায়ী করছেন, ‘প্রথম ৬ ওভারেই ওদের ৪/৫টা উইকেট পড়ে যেতে পারত।’ পড়েনি, কারণ মরনে মরকেল কিসওয়েটারকে আউট করে দেখেছেন, ওটা ছিল নো বল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে বেমানানভাবে ক্যাচ-ট্যাচও পড়েছে।পিটারসেনের ক্যাচে দর্শক হয়ে থেকেছে উইকেটকিপার আর প্রথম স্লিপ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পিটারসেন—সব সময়ই তাতে একটু বাড়তি মাত্রা। খেলতে খেলতে এখন আর তা বিশেষ কিছু মনে হয় না পিটারসেনের। তবে এটা না বলে পারলেন না যে, বাউচার আর ক্যালিসের মিস করাটা তাঁকে বড় আনন্দ দিয়েছে। সবচেয়ে বড় আনন্দ ম্যাচের আনুষ্ঠানিক সমাপ্তির অনেক আগেই ইংল্যান্ডের জয়টা নিশ্চিত হয়ে যাওয়া, ‘দক্ষিণ আফ্রিকাকে এভাবে হারানোটা অ্যামেইজিং!’বোলিং-ফিল্ডিং যেমন তেমন, দক্ষিণ আফ্রিকার ব্যাটিংটা হলো আরও বাজে। দুই ওপেনারই রানের চেয়ে বল বেশি খেললেন। স্মিথ ২৪ বলে ১৯। ক্যালিস ১৩ বলে ১৯। দুমিনি ছাড়া বাকি সবারই একই অবস্থা। বারবাডোজের উইকেট সবার জন্যই মনে হচ্ছে কিছু না কিছু রেখেছে। শন টেইটরা বোলিং করার সময় মনে হচ্ছে পেসারদের স্বর্গরাজ্য। আবার স্পিনারদেরও তা খালি হাতে ফেরাচ্ছে না। এ দিন তো ইংল্যান্ডের দুই স্পিনার সোয়ান আর ইয়ার্ডিই শেষ করে দিলেন দক্ষিণ আফ্রিকাকে। দুমিনির ২৫ বলে ৩৯-এ দুই ছক্কার একটি প্রেসবক্সের কাচে এসে ঠং করে লাগল। নিউজিল্যান্ডের ম্যাচে লাগিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। সাংবাদিকদের ওপর দক্ষিণ আফ্রিকা দলের কোনো রাগ-টাগ আছে কি না কে জানে!গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে শহীদ আফ্রিদির কাছে হারার আগ পর্যন্ত স্মিথের দক্ষিণ আফ্রিকার ছিল দোর্দণ্ড প্রতাপ। হারার পর যথারীতি শুনতে হয়েছিল ‘চোকার’ অপবাদ। এবার অন্তত সেই ভয় নেই। ওই বিশ্বকাপের পর থেকেই রঙিন পোশাকে বড় বিবর্ণ দক্ষিণ আফ্রিকা। এখানে চার ম্যাচের দুটিতে হার। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই হারার পর স্মিথ দারুণ একটা কথা বলেছিলেন, ‘কীভাবে শুরুর চেয়ে কীভাবে শেষ সেটা যে বেশি গুরুত্বপূর্ণ, সেটি আমাদের চেয়ে ভালো আর কে জানে!’ স্মিথদের শুরু আর শেষ সবই না এবার মিলে যায়!