পিটারসেনের ‘জুজু’ বাঁহাতি স্পিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় প্রথম ওয়ানডের পরের দিনের ঘটনা। ইংল্যান্ডের অনুশীলনে এলেন শুধুই টেস্ট দলে থাকা মাইকেল কারবেরি, ইয়ান বেল, গ্রাহাম অনিয়নসরা। আগের দিন ডে-নাইট ম্যাচ খেলে ক্লান্ত ওয়ানডে দলের আসার কথা ঘণ্টাখানেক পর। তার পরও ওয়ানডে দলের একজনকে ঠিকই পাওয়া গেল এদের সঙ্গে। দুটি প্রস্তুতি ম্যাচের পর প্রথম ওয়ানডেতেও ব্যর্থ, ফর্মে না থাকলে কেভিন পিটারসেনের মতো সহজাত প্রতিভাবানদেরও বাড়তি অনুশীলনের প্রয়োজন হয়!নেটে নিজে থেকেই চেয়ে নিলেন একজন বাঁহাতি স্পিনার। সেই নেট বোলার, ইন্দিরা রোডের ইশামের বলেই রীতিমতো খাবি খাচ্ছিলেন পিটারসেন। বারবার পরাস্ত হচ্ছিলেন, আর কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বারবারই দেখিয়ে দিচ্ছিলেন ভুলটা কোথায় হচ্ছে।চাইলে এটিকে বিচ্ছিন্ন ঘটনাও বলতে পারেন। এমনটা হতেই পারে, চট্টগ্রামের এক নেট বোলারের বলে শচীন টেন্ডুলকারকে বারবার পরাস্ত হতে তো নিজের চোখেই দেখা। কিন্তু বাংলাদেশের বাঁহাতি স্পিনার (হোক সে নেট বোলার) বলেই বিচ্ছিন্ন বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার বোলারদের পাত্তা দেন না, ওয়ার্ন-ভেট্টোরিদের নাস্তানাবুদ করে ছেড়েছেন অসংখ্যবার। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, বাংলাদেশ আর বাঁহাতি স্পিন—পিটারসেনের কাছে এখনো পর্যন্ত দুটোই দুর্বোধ্য!সর্বশেষ দুটি আউটের কথাই ধরা যাক। দুবারই আবদুর রাজ্জাকের বলে এলবিডব্লু, গতকাল ফ্রন্টফুটে খেলে, আগের ম্যাচে ব্যাকফুটে খেলে। প্রথম ম্যাচে সাকিব আল হাসানের বলে ধরা পড়লেন স্লিপে। একটু পেছনে যাওয়া যাক। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের আগে চারটি ম্যাচ খেলেছেন পিটারসেন, ব্যাট হাতে নামতে হয়েছে দুবার। মোটেও অবাক করা তথ্য নয়, সেই দুবারও শিকার বাঁহাতি স্পিনের। সর্বশেষ দুবারের ঘাতক রাজ্জাকের বলে আউট হয়েছিলেন ২০০৭ বিশ্বকাপে কেনসিংটন ওভালে। আর ২০০৫ সালের ন্যাটওয়েস্ট ট্রফিতে হেডিংলিতে ঘাতক ছিলেন মানজারুল ইসলাম (রানা)। বাঁহাতি স্পিনে দুর্দশার কারণে বাংলাদেশের বিপক্ষে পিটারসেনের রেকর্ডটাও বড় করুণ। ২০০৫ সালে প্রথমবার বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে যে ২৩ করেছিলেন, এখনো সর্বোচ্চ হয়ে আছে সেটাই। ৭ ম্যাচের ৫ ইনিংসে মোট রান ৭৪। আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ তিন দেশ অস্ট্রেলিয়া (৪৫.৫৫), ভারত (৫০.১৩) ও দক্ষিণ আফ্রিকার (৭১.৫৫) বিপক্ষে গড় যেখানে হূষ্টপুষ্ট, বাংলাদেশের বিপক্ষে সেখানে ভীষণ রুগ্ণ, ১৪.৮০! টেস্ট খেলুড়ে বাকি দেশগুলোর বিপক্ষে তাঁর সবচেয়ে কম গড়ও এর দ্বিগুণের বেশি (শ্রীলঙ্কার বিপক্ষে, ৩২.৩৭)।এমনিতে বিদেশের মাটিতে পিটারসেনের পারফরম্যান্স দেশের চেয়ে অনেক ভালো। ইংল্যান্ডের মাটিতে গড় যেখানে ৩৬.৫৩, বিদেশের মাটিতে সেখানে ৪৭.৩৪, নিরপেক্ষ ভেন্যুতে ৫৪.৩৭। কিন্তু বিদেশে ভালো করার এই ধারাবাহিকতাও মার খেয়ে গেছে বাংলাদেশে এসে, গড় মাত্র ১৩.৬৬! যে মারমুখী ব্যাটিংয়ের জন্য বিশ্বজুড়ে বোলারদের আতঙ্ক পিটারসেন, বাংলাদেশের বিপক্ষে চরমভাবে ব্যর্থ এখানেও। স্ট্রাইক রেট মাত্র ৬২.১৮, ক্রিকেট খেলুড়ে আর সব দেশের বিপক্ষে তাঁর সবচেয়ে কম স্ট্রাইক রেট ৭৩.৩৬ (নিউজিল্যান্ডের বিপক্ষে)।বিশ্বের সব প্রান্তে, সব বোলারকে অনায়াসে খেলা ব্যাটসম্যান অতি সাধারণ স্তরে নেমে আসছেন বাংলাদেশের বিপক্ষে। ক্রিকেট তার চরিত্রদের নিয়ে মাঝেমধ্যেই রহস্য করতে ভালোবাসে। খেলাটার দীর্ঘ ইতিহাসে যুক্তি খুঁজে পাওয়া যায় না এমন অদ্ভুত সব রহস্য তো কম নেই। টেস্ট সিরিজটা এখনো বাকি, ‘পিটারসেনের বাঁহাতি স্পিন-জুজু’ না হয় অন্তত আরও কিছুদিন রহস্য হয়েই থাক!