পিঠটান দিলেন নুরুল
‘ফুটবল বাঁচাও’ পরিষদকে সমর্থন জানিয়ে কাল তাদেরই অফিসে গিয়ে সভাপতি পদের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম। ফলে ৩০ এপ্রিল বাফুফের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী থাকলেন তিনজন—কাজী সালাউদ্দিন, কামরুল আশরাফ খান ও গোলাম রব্বানী হেলাল। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় আগেই শেষ হয়ে যাওয়ায় ব্যালটে নাম থাকবে নুরুল ইসলামের।
দ্বিতীয় বিভাগ ফুটবলের দল টঙ্গী ক্রীড়া চক্রের সভাপতি নুরুল পরশু রাতেও জানিয়েছিলেন, তিনি নির্বাচনী ইশতেহার তৈরি করছেন। কিন্তু ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে সরে গেলেন কেন? ‘আমার ক্লাব আমাকে বলেছে, নির্বাচন করার প্রয়োজন নেই। এ কারণেই সরে গেলাম।’ বলেছেন নুরুল ইসলাম। তবে অনেকের ধারণা, ‘ফুটবল বাঁচাও’-এর সঙ্গে ‘সমঝোতা’ করেই তিনি নির্বাচন করছেন না। শুধু প্রচার নিতে এসেছিলেন। তবে এটা ঠিক নয় বলছেন নুরুল, ‘আমি প্রচারের জন্য আসিনি। ফুটবল উন্নয়নের জন্যই একটা পক্ষের সঙ্গে যুক্ত হয়েছি।’