পিতা-পুত্র
তাঁর দুই পায়ের জাদু দেখার জন্য সহস্র দর্শক গ্যালারিতে বসে থাকত উন্মুখ হয়ে। এদিন তিনিই হয়ে গেলেন দর্শক। প্রতিটি মুহূর্ত কাটল উদ্বেগে-শিহরণে। ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপের অন্যতম নায়ক বেবেতো এদিন গ্যালারিতে বসে দেখলেন পুত্র ম্যাথিউসের ফ্ল্যামেঙ্গোর হয়ে অভিষেক।১৯৯৪ বিশ্বকাপে হল্যান্ডের বিপক্ষে গোলের ওপর অদৃশ্য শিশুকে কোলে নেওয়ার ভঙ্গি করে দুহাত দুলিয়ে উদ্যাপন করেছিলেন। মাত্রই কিছুদিন আগে বেবেতোর স্ত্রী তৃতীয় সন্তানের জন্ম দেন। সদ্যোজাত সেই শিশুটির উদ্দেশেই ছিল এমন উদ্যাপন। বেবেতোর এই উদ্যাপনভঙ্গি রাতারাতি বিখ্যাত হয়ে যায়। এরপর ফুটবলে আরও অনেকেই অনুকরণ করেছে এই উদ্যাপন।সেদিনের সেই ভূমিষ্ঠ শিশুটির বয়সই এখন ১৭। গত শুক্রবার সেই ম্যাথিউস পেশাদার ফুটবলে পা রাখল বাবারই সাবেক ক্লাব ফ্ল্যামেঙ্গোর হয়ে। ইতিহাস মিলিয়ে দিল একটি ছবিও—ভিতোরিয়া যুবদলের হয়ে শুরু করলেও বেবেতোর পেশাদার ক্যারিয়ারও শুরু হয়েছিল এই ক্লাবেই!মাত্রই কিছুদিন আগে ফ্ল্যামেঙ্গো যুবদলের হয়ে জাতীয় একটি টুর্নামেন্টে খেলেছেন ম্যাথিউস। সেখানে তাঁর খেলা কোচের মনে ধরেছে বলেই দ্রুত উত্তরণ। ওলারিয়ার বিপক্ষে গোলশূন্য সেই ম্যাচের প্রতিটি মুহূর্ত শিহরিত করেছে বেবেতোকে। ফুটবলের মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে নামা এই ৪৭ বছর বয়সী জানালেন, পুত্রের সৌজন্যে স্মৃতিকাতর হয়ে গিয়েছিলেন তিনি, ‘ম্যাথিউসকে যখন মাঠে নামতে দেখলাম, হুট করে যেন বহু বছর আগের স্মৃতি বন্যার মতো ধেয়ে এল। মনে হলো যেন আমার মাথার মধ্যে কেউ একটা সিনেমা চালিয়ে দিয়েছে। খানিক আগেই স্মৃতিতে ভেসে এল ওর দুই দিন বয়সে আমার করা হল্যান্ডের বিপক্ষে সেই গোলটির ছবি। এর পরই দেখলাম ও সেই ক্লাবের হয়েই খেলছে, যে ক্লাবের হয়ে আমারও ক্যারিয়ার শুরু হয়েছিল।’বেবেতোর কাছে একটু যেন অবিশ্বাস্যই মনে হতে শুরু করেছিল সব কিছু, ‘মনে হচ্ছিল এটা যেন পরাবাস্তব কোনো ঘটনা। আমার জন্য এটি ছিল খুবই আবেগময় একটি মুহূর্ত। প্রতিটি পিতা-পুত্র সম্পর্কের বেলায় যা ঘটে, আমিও একটু নার্ভাস ছিলাম ওই সময়। তবে ওকে কিন্তু পুরো সুস্থির মনে হয়েছে।’নিজে ফরোয়ার্ড ছিলেন। কিন্তু ছেলে গোল করার চেয়ে করানোটাকেই আসল শিল্প মনে করেছে। হয়েছে মিডফিল্ডার। বেবেতোর আশা, পিতার কীর্তি অনায়াসে ছাপিয়ে যাবে পুত্র। অন্তত অভিষেকের দিক দিয়ে বাবার চেয়ে অনেক ‘এগিয়ে’ থাকলেন ম্যাথিউস। সেটাই বলছিলেন বেবেতো, ‘এই ম্যাচের আগে আমি আমার ফ্ল্যামেঙ্গো-অভিষেকের সব কথা ওকে বলেছিলাম। ওর অভিষেক কিন্তু দারুণ হলো। অন্তত সে তো একবারও মাঠে পড়ে যায়নি, যেমনটা আমি পড়ে গিয়েছিলাম আমার অভিষেক ম্যাচে!’ ওয়েবসাইট।