পিতৃত্ব বদলে দিয়েছে নেইমারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিভা নিয়ে সংশয় ছিল না কখনোই। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে নেইমার ছিলেন অস্থির প্রকৃতির, আচার-আচরণে কেমন একটা উড়নচণ্ডী ভাব ছিল। উচ্ছৃঙ্খল আচরণের দায়ে প্রায়ই খবরের শিরোনাম হতেন। কিন্তু সেই উড়নচণ্ডী ভাব আর নেই। নিজেকে শুধরে নিয়ে ‘বড়’ হয়ে উঠেছেন। পরিপক্বতার ছাপ রেখে চলেছেন মাঠের পারফরম্যান্সেও। নেইমারের এই বদলে যাওয়ার কারণ কী? পিতৃত্ব! নেইমারই বলছেন, বাবা হওয়াটাই তাঁকে পরিণত করে তুলেছে। মাঠের পারফরম্যান্সে উন্নতির পেছনেও মূল চাবিকাঠি সন্তানের বাবা হওয়া।২০১১ সালে ১৯ বছর বয়সেই সন্তানের বাবা হয়েছেন। ছেলে ডেভিডের জন্মই তাঁকে বদলে দিয়েছে দাবি করে ২০ বছর বয়সী স্ট্রাইকার বলছেন, ‘আমি এখন অনেক বেশি পরিপক্ব। আমি জানতাম না, কেমন আচরণ করতে হয়। কিন্তু তখন আমি নিজেকে বলি, কোনো নারীকে গর্ভবতী করার পৌরুষ যদি আমার থাকে, তাহলে আমার দায়িত্বশীল পুরুষ মানুষের মতোই কাজ করা উচিত। এ থেকে আমি অনেক শিখেছি, এখনো অনেক কিছু শিখছি।’বয়স কম হলেও ইতিমধ্যেই ক্লাব, জাতীয় দলের হয়ে অনেকগুলো শিরোপা জিতেছেন। জিতেছেন ব্যক্তিগত অনেক পুরস্কারও। কিন্তু নেইমার বলছেন, ‘আমার ছেলে ডেভিডই আমার জীবনের সবচেয়ে বড় জয়।’মাঠে তাঁর ড্রিবলিং এবং গতির সামনে প্রতিপক্ষের খেলোয়াড়েরা খেই হারিয়ে ফেলেন। নেইমারকে সবাই বলেন প্রতিভাধর, কিন্তু তিনি নিজে জানেন না এই প্রতিভার উৎস কী, ‘আমি জানি না, প্রতিভা কোত্থেকে আসে। এটা হয়তো ছোটবেলা থেকেই আমার সঙ্গী এবং পরে নিজে উদ্ভাবনও করেছি। বাড়িতে আমি আমার কক্ষে কিছু চেয়ার-টেবিল রাখতাম এবং সেগুলোকেই ডজ দিতাম।’ ওয়েবসাইট।