পিতৃত্বের দাবি নিয়ে বালোতেল্লির লড়াই

আবারও ঝামেলায় মারিও বালোতেল্লি! অবশ্য ইতালিয়ান স্ট্রাইকার কবে ঝামেলামুক্ত ছিলেন, সেটিও এক প্রশ্ন। বালোতেল্লি এখন সাবেক প্রেমিকার বিরুদ্ধে আইনি লড়াই চালাচ্ছেন নিজ কন্যার অধিকার পেতে।
লড়াইটা চলছে সাবেক প্রেমিকা রাফায়েলা ফিকোর সঙ্গে। বালোতেল্লি-ফিকোর ভালোবাসার দিনগুলোয় ঘর আলো করে আসে পিয়া। কন্যাসন্তানের বর্তমান বয়স ১৮ মাস। ফেব্রুয়ারিতে ডিএনএ পরীক্ষার আগ পর্যন্ত বালোতেল্লি পিয়াকে নিজের মেয়ে বলে স্বীকার করতে চাননি। যখন ডিএনএ পরীক্ষায় প্রমাণ হলো পিয়াই তাঁর মেয়ে, তখন থেকেই সন্তানকে কাছে পেতে অস্থির হয়ে ওঠেন মিলান তারকা।
মাস খানেক আগে নাপলসের আদালতে বিচারকের বিশেষ অনুমতিতে প্রথমবারের মতো মেয়েকে কোলে নেওয়ার সুযোগ পান বালোতেল্লি। সম্প্রতি মিলানের নিকটবর্তী ব্রেসিকার আদালতে রুদ্ধদ্বার শুনানিতে আলোচনা হয়, কীভাবে ইতালির তারকা ফুটবলার মেয়েকে নিয়মিত দেখতে পাবেন। জানা যায়, দুজনে নাকি এক প্রকার সমঝোতায় এসেছেন। শুনানি শেষে সিরি ‘আ’ তারকার আইনজীবী বলেন, ‘বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগেই মেয়েকে দেখার সুযোগ পাবেন বালোতেল্লি।’