পিতৃবিয়োগে শোকার্ত মার্টিনোকেই মেসির উৎসর্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিতৃবিয়োগে শোকার্ত মার্টিনোকেই মেসির উৎসর্গ
পিতৃবিয়োগে শোকার্ত মার্টিনোকেই মেসির উৎসর্গ

ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের অভিষেক ম্যাচ। হয়তো কিছুটা উদ্বেগেই ছিলেন বার্সেলোনার নতুন কোচ জেরার্ডো মার্টিনো। ন্যু ক্যাম্পের ডাগআউটে তাঁকে দেখে অবশ্য আলাদা কিছুই টের পাওয়া যায়নি। বাকি পাঁচটা ম্যাচের মতোই গম্ভীর মুখে পায়চারি করেছেন, শিষ্যদের দিয়েছেন প্রয়োজনীয় দিকনির্দেশনা। কিন্তু আর্জেন্টাইন এই কোচ যে ভেতরে ভেতরে কতটা শোকাহত ছিলেন, সেটাও কোনোভাবে বোঝার উপায় ছিল না।
আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ মিশন শুরুর আগেই মার্টিনো পেয়েছিলেন পিতার মৃত্যুর খবর। গত মঙ্গলবার মারা গেছেন মার্টিনোর বাবা হোর্হে। পিতৃশোক চেপে রেখেই মাঠে এসেছিলেন। কোনো অঘটন ঘটলে হয়তো আরও বিষণ্নতা ভর করত। কিন্তু শিষ্যদের পারফরম্যান্স কিছুটা হলেও শোক চাপা দিতে সাহায্য করেছে মার্টিনোকে। লিওনেল মেসির হ্যাটট্রিকে ৪-০ গোলের দাপুটে জয় দিয়েই অভিষেক হলো তাঁর।
ম্যাচ শেষে বার্সেলোনার এই জয়টা শোকাহত কোচকেই উৎসর্গ করেছেন মেসি, ‘আমরা এই জয়টা মার্টিনোকেই উৎসর্গ করতে চাই। কারণ, তিনি এই মুহূর্তে খুব একটা ভালো নেই।’ পিতার শেষকৃত্য সম্পন্ন করতে আর্জেন্টিনায় যাওয়ার কথা মার্টিনোর।
চ্যাম্পিয়নস লিগে ভালো শুরুর পর সন্তুষ্টিও প্রকাশ করেছেন মেসি, ‘আমরা দ্বিতীয়ার্ধে অনেক ভালো খেলেছি। এবারের মৌসুমে আমাদের মানিয়ে নেওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার।’