পিরলো থেকে পিরলিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরলো
পিরলো

কিসের সঙ্গে তুলনা করা যায় তাঁর ফ্রি-কিকের? শিল্পীর তুলির বিমূর্ত কিছু আঁচড়? নাকি অসাধারণ কোনো কবিতা? আন্দ্রেয়া পিরলোর ফ্রি-কিক মানেই বিশেষ কিছু। আদতে ইতালিয়ান, কিন্তু ৩৫ বছর বয়সী মিডফিল্ডারের খেলায় যেন ভাস্বর অলস লাতিন সৌন্দর্য। পিরলোর ফ্রি-কিকের পেছনে যে একজন ব্রাজিলিয়ানের প্রেরণাটাই বড়, তাতে অবাক হওয়ার কী আছে?
খেলোয়াড় হিসেবে জুনিনহোকে ‘ভালো’ বলা যেতে পারে, ‘গ্রেট’ কখনোই নন। কিন্তু ফ্রি-কিকে এই ব্রাজিলিয়ান নিজের সময়ের অন্যতম সেরাই ছিলেন। জুনিনহোর দারুণ সব সেট পিস থেকেই অনেক কিছু শিখেছেন পিরলো। নিজের সদ্য প্রকাশিত আত্মজীবনীতে তো পূর্বসূরি ব্রাজিলিয়ানকে পুরো একটা অধ্যায়ই উৎসর্গ করেছেন। সেখানে লিখেছেন, ‘আমি কিন্তু খানিকটা ব্রাজিলিয়ানই। পিরলিনহো আমাকে বলতেই পারেন। আমি তাঁর (জুনিনহোর) সিডি, ডিভিডি এমনকি পুরোনো ম্যাচের ছবিও সংগ্রহ করেছি। অনেক সময় নিয়ে সবকিছু আত্মস্থ করতে হয়েছে।’
ইতালির বিশ্বকাপ অভিযানে পিরলো এখন ব্রাজিলে। আর ‘ভক্তকে’ কৃতার্থ করে জুনিনহো পরশু হাজির হলেন ইতালির অনুশীলনে। কেমন ছিল সেই অভিজ্ঞতা? পিরলোর মুখেই শুনুন, ‘তাঁর সঙ্গে আমার বই নিয়ে কথা হয়েছে। আর তিনি ততটাই উচ্ছ্বসিত ছিলেন, যতটা ছিলাম আমি।’
কিন্তু দুজনের মধ্যে সেরা কে? জুনিনহো কাউকেই এগিয়ে রাখেননি, ‘কম দূরত্বের জন্য পিরলো ভালো। বেশি দূরত্ব থেকে সম্ভবত আমি।’
ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ফ্রি-কিক থেকে ২৫ গোল করেছেন পিরলো। সাবেক সাম্পদোরিয়া ফুলব্যাক সিনিসা মিহাইলোভিচের রেকর্ডটা আরও দুই গোল দূরে। পিরলোর সেটা ছাড়িয়ে যাওয়ারই কথা। ফ্রেঞ্চ লিগের জুনিনহোর ৪৪ গোল অবশ্য এখনো অনেক দূরে। কিন্তু অর্জনের আলোয় পিরলো অনেক উজ্জ্বল৷ ওয়েবসাইট।