পিরলো-বালোতেল্লির ইতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমসাময়িক অনেকেই এর মধ্যে বুটজোড়া তুলে রেখেছেন। ৩৪ বছর বয়সে ফুটবলাররা তো বেলা শেষের গানই শুনতে পান! কিন্তু আন্দ্রেয়া পিরলো এখনো আগের মতোই সপ্রাণ, সপ্রতিভ। ইতালির মধ্যমাঠের প্রাণভোমরা হয়ে আছেন অনেক দিন। কিন্তু অভিজ্ঞতা যে তাঁকে দিন দিন আরও শাণিত করছে সেটাই দেখালেন গত পরশু। শততম আন্তর্জাতিক ম্যাচটা স্মরণীয় করে রাখলেন ‘ট্রেডমার্ক’ এক ফ্রি-কিক থেকে। কনফেডারেশনস কাপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোকে ২-১ গোলে হারিয়ে ইতালিও শুরু করল জয়ে।এর আগে ১৯৯৩ সালে মেক্সিকোকে শেষবার হারিয়েছিল আজ্জুরিরা। মারাকানায় ২০ বছরের গেরো খোলার শুরুটা এ ম্যাচে করেন পিরলোই। ২৭ মিনিটে ঠিক ২৭ মিটার দূর থেকে করা তাঁর ‘রংধনু ফ্রি-কিক’ ঠেকাতে পারেননি মেক্সিকোর গোলরক্ষক করোনা। তবে সাত মিনিট পরই ম্যাচে ফেরে মেক্সিকো। জিওভান্নি ডস সান্তোসকে বক্সের ভেতর ফেলে দেন ইতালি ডিফেন্ডার আন্দ্রেয়া বারজাগলি। পেনাল্টিতে সমতা ফেরান ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ। আক্রমণ পাল্টা-আক্রমণে দারুণ উপভোগ্য প্রথমার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ পেয়েছিল। ৭ মিনিটের মধ্যেই মারিও বালোতেল্লি দুবার পরীক্ষা নিয়েছেন করোনার। এরপর মেক্সিকোর আন্দ্রেস গুয়ারদাদোর শট ক্রসবার ছুঁয়ে চলে যায় ওপর দিয়ে।তুলনায় দ্বিতীয়ার্ধটা ছিল একটু ম্যাড়মেড়েই। ড্রটাকেই মনে হচ্ছিল ম্যাচের ভবিতব্য। কিন্তু মাঠে যে একজন বালোতেল্লি ছিলেন! বেশ কিছু সুযোগ নষ্ট করার পরও কেন কোচ তাঁকে তুলে নেননি সেটাও বুঝিয়ে দিয়েছেন। ৭৮ মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে ইতালিকে বালোতেল্লি এগিয়ে দেন ২-১ গোলে। শেষ পর্যন্ত ওটাই ম্যাচের ফল।প্রীতি ম্যাচে হাইতি ও চেক প্রজাতন্ত্রের সঙ্গে ড্র করার পর একটু ভাঁজই হয়তো জমেছিল ইতালি কোচ সিজারে প্রানদেল্লির কপালে। দল যেভাবে খেলে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় এনে দিল তাতে নিশ্চয়ই নির্ভার বোধ করবেন। কিন্তু ইতালি কোচ কথা বললেন শুধু এই ম্যাচ নিয়েই, ‘ম্যাচটা খুবই কৌশলগত ছিল। কিন্তু বেশির ভাগ সময় আমাদেরই প্রাধান্য ছিল। আমাদের ভুলের সুযোগ নিয়ে মেক্সিকো পাল্টা-আক্রমণের চেষ্টা করছিল। কিন্তু আমরা তাদের থামিয়ে দিয়েছি। ম্যাচটা নিয়ন্ত্রণও করেছি। আমরা এই চেষ্টাটাই করেছি। পেরেছিও।’ মাইলফলক ছোঁয়া পিরলোকে তো ভরিয়ে দিয়েছেন প্রশংসায়, ‘পিরলোকে নিয়ে বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সে আমাদের সবার জন্যই উদাহরণ।’ মেক্সিকো কোচ ম্যানুয়েল দেলা তোরের চোখে দুই দলের মূল পার্থক্য ব্যক্তিগত দক্ষতায়, ‘তাদের ব্যক্তিগত দক্ষতাই ম্যাচ শেষে পার্থক্য করে দিয়েছে।’ এএফপি, রয়টার্স।