পিরলোর পেনাল্টি-জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দ্রেয়া পিরলো যখন পেনাল্টি স্পটের দিকে এগিয়ে গেলেন, মাঠে তখন রুদ্ধশ্বাস উত্তেজনা। ‘টাইব্রেকার লটারি’তে ইতালি এক গোলে পিছিয়ে, রিকার্দো মন্তোলিভোর পেনাল্টি মিসে আজ্জুরি শিবিরে তখন পরাজয়ের শঙ্কা। এই সুযোগটা ফসকে গেলে শেষ চারের স্বপ্নটাও হয়তো উড়ে যাবে। জেরার্ড ও রুনির গোলে ইংল্যান্ড এগিয়ে, ইংল্যান্ড গোলরক্ষক জো হার্ট যেন তখন আত্মবিশ্বাসে ঝলমল করা এক দুর্বিনীত তরুণ। কোটি দর্শকের চোখ নিবদ্ধ পিরলোর দিকে, আসলে তাঁর পায়ের দিকে। রেফারির বাঁশি বাজল। কী আশ্চর্য, বলটা সজোরে মারার কোনো চেষ্টাই করলেন না এই ‘মিডফিল্ড জেনারেল’! যেন মখমলের আলতো ছোঁয়ায় বলটা ভাসিয়ে দিলেন বাতাসে। হার্ট অনেক আগেই ডান দিকে ঝাঁপ দিয়েছেন, পরে হতভম্ব হয়ে দেখলেন বলটা জড়িয়ে যাচ্ছে জালে। ওই স্নায়ুক্ষয়ী উত্তেজনার মুহূর্তে কে-ই বা ভাবতে পেরেছিল এমন ‘চামচের’ মতো বলটাকে তুলে দেবেন পিরলো? তাই ম্যাচ থেকে একটা বিশেষ মুহূর্ত বেছে নিতে ইতালিয়ান সতীর্থ ড্যানিয়েলে ডি রসিকে একটুও ভাবতে হয়নি, ‘ম্যাচ থেকে একটা ছবি বেছে নিতে বললে আমি পিরলোর পেনাল্টিটাই নেব। টট্টির পর এমন খ্যাপাটে শট আমি কাউকে নিতে দেখিনি।’ ইতালির আরেক প্লে-মেকার ফ্রান্সেসকো টট্টি ঠিক এই কাজটাই করেছিলেন হল্যান্ডের বিপক্ষে ২০০০ ইউরোর সেমিফাইনালে। সেবারও শেষ হাসিটা ইতালিরই ছিল। পিরলোর এই গোলের পর পুরো টাইব্রেকারের গতিপথটাই যেন পাল্টে গেল, শুরু হলো ইংল্যান্ডের ব্যর্থতার মিছিল। প্রথমে অ্যাশলি ইয়াংয়ের শট বার কাঁপিয়ে ফিরে এল, এরপর অ্যাশলি কোলের দুর্বল শট বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দিলেন বুফন। ইতালি তখন ৩-২ গোলে এগিয়ে থেকে চালকের আসনে। আলেসান্দ্রো দিয়ামান্তি ইতালির শেষ কিকটা নেওয়ার আগেই জানতেন, লক্ষ্যভেদ হলেই আজ্জুরিরা চলে যাবে সেমিফাইনালে। কোনো ভুল করলেন না। বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দিয়েই সতীর্থদের আলিঙ্গনে ভূমিশয্যায় যেতে হলো তাঁকে। ম্যাচ শেষে পিরলোও কৃতিত্বটা নিজের দিকে টেনে নিলেন এই বলে যে, ওই সময়ে হার্টকে যেমন উজ্জীবিত ও অবিচলিত দেখাচ্ছিল তাতে এ রকম কিছু করাই ঠিক ছিল, ‘আমি দেখলাম সে খুব উজ্জীবিত, তখনই আমি কাজটা করার কথা ভেবেছি। শটটা এভাবে নেওয়াই সহজ ছিল, কারণ এটা, তার ওপর একটা চাপ সৃষ্টি করেছিল।’ পরাজিত ইংল্যান্ড কোচ রয় হজসনের মুখেই পিরলো-স্তুতি, ‘পিরলো যেভাবে মাথা ঠান্ডা রেখে চিপ করল, এটা কোনো খেলোয়াড়ের হয় আছে, নতুবা নেই। এটা আপনি কাউকে শেখাতে পারবেন না।’ কে জানত, পুরো ম্যাচে ইতালিয়ান অর্কেস্ট্রার কন্ডাক্টর পিরলো শেষ অঙ্কের নাটকেই নিজের সেরা জাদুটা দেখাবেন? এএফপি।