পিরলোর ফ্রি কিকে হতভম্ব সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্দ্রেয়া পিরলো
আন্দ্রেয়া পিরলো

‘ডেড বলে’র জাদুকর তিনি। পেনাল্টিতে নেওয়া তাঁর ‘পানেনকা’ তো বিখ্যাতই হয়ে আছে। এবার এক ফ্রি কিক দিয়ে সবাইকে হতভম্ব করে দিলেন আন্দ্রেয়া পিরলো। প্রতিপক্ষ তো বটেই, দর্শক, এমনকি সতীর্থরাও এই ফ্রি কিকে যেন হকচকিয়ে গেছেন। রোনালদিনহোকে মনে করিয়ে দিয়ে পিরলো যে ফ্রি কিকটা নিয়েছেন ওয়ালের নিচ দিয়ে।
গতকাল সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুর নির্বাচিত একাদশের সঙ্গে ম্যাচ ছিল জুভেন্টাসের। ৫-০ গোলে জেতা ম্যাচটিতে জুভেন্টাসের হয়ে জোড়া গোল করেছেন পিরলো। প্রথম গোলটিই সেই ফ্রি কিক থেকে।
সিঙ্গাপুরের গোলরক্ষক হন্যে হয়ে চেঁচাচ্ছিলেন বর্ম হয়ে দাঁড়ানো ওয়ালের সতীর্থদের উদ্দেশে। ওয়াল বানিয়ে দাঁড়ানো খেলোয়াড়েরা ঠিক মতো লাফিয়েও উঠেছিলেন। কিন্তু হা হতোস্মি, সেই লাফিয়ে ওঠা ওয়ালের নিচ দিয়েই বল চালান করে দিলেন পিরলো।
এমন একটা ফ্রি কিকের জন্য বিখ্যাত হয়ে আছেন রোনালদিনহো। ক্রিস্টিয়ানো রোনালদোও এমন চমক দেখিয়েছেন।